ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের প্রখ্যাত কবি, সাহিত্যিক ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই সিকদারকে ‘সোনালী কাবিন পদক-২০২৬’ প্রদান করা হচ্ছে। আগামী ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনব্যাপী কবি আল মাহমুদ স্মরণোৎসব-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে তার হাতে এ পদক তুলে দেয়া হবে।
রোববার ব্রাহ্মণবাড়িয়ায় কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদ আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান পরিষদের সভাপতি মো: ইব্রাহিম সাদাত ও সাধারণ সম্পাদক লিটন হোসাইন জিহাদ। এ সময় সংগঠনের প্রধান উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় সংগঠনের আরেক উপদেষ্টা এইচ এম বাশার উপস্থিত ছিলেন। প্রেসব্রিফিংয়ে জানানো হয়, বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম শক্তিমান কবি আল মাহমুদের সাহিত্য, জীবন ও দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, তার সাহিত্যচর্চাকে আরো বেগবান করা এবং সাহিত্য-সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখাই এ স্মরণোৎসবের মূল উদ্দেশ্য। সেই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারো বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ‘সোনালী কাবিন পদক’ প্রদান করা হবে।
৯ থেকে ১১ জুলাই পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে সাহিত্য, গবেষণা ও সংস্কৃতিভিত্তিক নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে।
৯ জুলাই সকালে কবির কবর জিয়ারত ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে স্মরণোৎসবের সূচনা হবে। বিকেলে স্থানীয় নিয়াজ মুহাম্মদ হাইস্কুল মাঠে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, কবিতা পাঠ, সাহিত্য আড্ডা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
১০ জুলাই সকালে কবিতা পাঠ এবং স্কুল-কলেজ পর্যায়ের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। বিকেলে ‘গদ্য সাহিত্যে আল মাহমুদ’ এবং রাতে ‘কবিতায় আল মাহমুদ’ শীর্ষক দুটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, গবেষক, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেবেন।
১১ জুলাই বিকেলে কবির রচিত কবিতা পাঠ ও স্কুল পর্যায়ের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এরপর সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে ‘সোনালী কাবিন পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠান।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো: আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল।



