ক্রীড়া প্রতিবেদক
প্রথমবারের মতো এএফসি উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগে খেলতে আজ মালয়েশিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে রাজশাহী স্টার্স। কোচ গোলাম রব্বানী ছোটন, অধিনায়ক শিউলি আজিম প্রত্যয়ী কণ্ঠে বললেন, স্রেফ অংশ নেয়ার জন্য যাচ্ছেন না তারা। দ্বিতীয় পর্বে যাওয়ার লক্ষ্য তাদের।
ভারতের ইস্ট বেঙ্গলের বিপক্ষে ম্যাচ দিয়ে সোমবার প্রিলিমিনারি রাউন্ড শুরু করবে রাজশাহী স্টার্স। ‘এ’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ গুয়ামের রোভার্স এফসি এবং এই গ্রুপের আয়োজক মালয়েশিয়ার সাবাহ এফসি। মালয়েশিয়া যাওয়ার আগে গতকাল বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে রাজশাহী কোচ, অধিনায়ক তুলে ধরেন তাদের ভাবনা। দুটি উইমেন’স সাফ জয়ী ডিফেন্ডার শিউলি প্রতিশ্রুতি দিলেন সামর্থ্যের সবটুকু দেয়ার। চ্যাম্পিয়ন্স লিগের খেলা আসন্ন এশিয়ান গেমসেও কাজে লাগবে বলে মনে করেন তিনি। ‘এই ম্যাচগুলো খেলে আমাদের যে ভুলত্রুটিগুলো আছে, সেগুলো শুধরানোর সুযোগ পাব এবং আমরা নিজেদের অবস্থান বুঝতে পারব।’
এই দলের সঙ্গী হওয়ার কথা ছিল ঋতুপর্ণার। কিন্তু গত জুনে রাজশাহী স্টার্স থেকে তিনি যোগ দেন মিয়ানমারের দলে। তবে, বর্তমানে যারা আছেন, শিউলি, আলপিদের অনেকে জাতীয় দলে খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ। দলের সামর্থ্য নিয়ে তাই একবিন্দু সংশয় নেই কোচ গোলাম রব্বানী ছোটনের।
‘যারা প্রতিপক্ষ আছে, তারা বেশ ভালো দল। কিন্তু আমাদের দলও পিছিয়ে নেই, কারণ আমাদের খেলোয়াড়দেরও অনেকে সাফ চ্যাম্পিয়ন হয়েছে দুইবার এবং তারা এশিয়ার মঞ্চে তারা বড় বড় দলের সাথেও লড়াই করেছে, অধিকাংশ খেলোয়াড়ই জাতীয় দলে খেলে। গত ৮ তারিখ থেকে অনুশীলন করছি। আশা করি, আমরা এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দিতে পারব।’


