হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাহাবুল আলম (৩৫) নামে এক হাইচ গাড়ি চালক নিহত হয়েছেন। রোববার ভোরে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে হাটহাজারী পৌরসভার কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহাবুল আলম পৌরসভার আমিজম পাড়ার মৃত আব্দুল নবীর ছেলে।
হাটহাজারী মডেল থানার পুলিশ জানায়, ভোর আনুমানিক ৪টার দিকে পৌরসভার কলাবাগান এলাকার প্রাইভেটকার ও হাইচ গাড়ির স্টেশনের কাছে ওয়াপদা গেট-সংলগ্ন জিন্নাহ শপিং সেন্টারের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। বিয়ে বাড়ির ভাড়া শেষে গাড়ি নিয়ে ফেরার পথে দুর্বৃত্তরা মাহাবুল আলমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
জেলা কার মাইক্রো জিপ সমিতির সভাপতি ইব্রাহিম জানান, সমিতির সদস্যরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হলে ডাক্তার তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) রেফার করেন। তবে চমেকে নেয়ার সময় পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষুব্ধ সহকর্মীরা জড়িতদের দ্রুত গ্রেফতর ও শাস্তির দাবিতে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। হাটহাজারী মডেল থানার ওসি জাহিদুর রহমান জানান, জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।


