গাজায় ইসরাইলি হামলায় আরো ৮ ফিলিস্তিনি নিহত

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

গাজা উপত্যকায় নতুন করে ইসরাইলি হামলায় অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে এক নারী, তার কন্যাশিশু এবং একটি শিশু রয়েছে। এসব হামলায় আরো কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, দক্ষিণ গাজার খান ইউনুসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবিরে ইসরাইলি হামলায় এক নারী ও তার কন্যাশিশু নিহত হন। হামলায় তাঁবুগুলো এবং বাস্তুচ্যুতদের মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এর কিছুক্ষণ আগে একই এলাকার সমুদ্রসৈকতসংলগ্ন একটি তাঁবুতে ইসরাইলি ড্রোন হামলায় আরো দুই ফিলিস্তিনি নিহত এবং অন্তত ২৭ জন আহত হন।