সাংস্কৃতিক প্রতিবেদক
অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর ‘মব সন্ত্রাস’ ও হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন দেশের বিভিন্ন সংস্কৃতি অঙ্গনের কর্মীরা। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘আমরা শিল্পীবৃন্দ’-এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন। একই সাথে দেশের শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, কোনো শিল্পী বা সাংস্কৃতিক কর্মীর ওপর হামলা কিংবা মব সন্ত্রাস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিল্পীদের নিরাপত্তা, মর্যাদা ও স্বাধীনভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
সঙ্গীতশিল্পী মুহিন খান বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ায় যে মব সন্ত্রাস হয়েছে, তা আমরা আর মেনে নেব না। দেশের কোনো অংশে এমন মব হলে আমরা বসে থাকব না। এ সময় ঘটনার জন্য প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগকে স্বাগত জানানো হয়।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রিয়াজুল রিজু বলেন, আমাদের সংস্কৃতির ইতিহাস হাজার বছরের। সংস্কৃতির ওপর আক্রমণ মানে দেশের ওপর আক্রমণ, অস্তিত্বের ওপর আক্রমণ। বাঁধন সব সময় অন্যায়ের প্রতিবাদ করেছে। কারণ আমরা শিল্পী, আমরা কোনো রাজনৈতিক দলের নই। দেশকে ভালোবেসে ’২৪-এর জুলাইয়ে রাস্তায় নেমেছিলাম। কিন্তু গত দুই বছরে আমাদের ওপরই বেশি হামলা হয়েছে। আমরা শিল্পীরা তাই অন্যায়ের বিরুদ্ধে সব সময় আমরা সোচ্চার আছি, থাকব।
অভিনেতা ইভান সাইর বলেন, বাঁধনের হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশের শিল্পীরা গান গাইবেন, নাটক করবেন, অন্য সব সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে যাবেন- আমরা এমন একটি পরিবেশ চাই। তিনি বলেন, আমরা ’২৪-এর জুলাইয়ে অন্যায়ের বিরুদ্ধে রাজপথে নেমেছিলাম। বর্তমান সরকারও যদি গণবিরোধী কিছু করে, আমরা প্রতিবাদ করব। বাঁধনের প্রশংসা করে বলব, এ পরিস্থিতিতে সে এতটা শক্ত থেকে প্রতিবাদ করে যাচ্ছে, যা আমাদের মনোবল শক্ত করছে।



