৩ লাখ ৯ হাজার ভোটার বাড়ল আড়াই মাসে

মন্ত্রণালয়ে স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি প্রস্তাবনা-ইসি সচিব

Printed Edition

বিশেষ সংবাদদাতা

দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। ফলে গত আড়াই মাসে দেশে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার ৩১৫ জন। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি সংশ্লিষ্ট ফাইল আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। গতকাল রাজধানীর আগারগঁাঁওর নির্বাচন ভবনে সাংবাদিকদের আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিব।

ভোটার তালিকার হালনাগাদ তথ্যের বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনের সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে আমরা বলেছিলাম ৩১ জুলাই পর্যন্ত যারা নিবন্ধিত হয়েছেন তাদের নিয়েই আমাদের বর্তমান কার্যক্রম। সেই অনুযায়ী ৩১ জুলাই পর্যন্ত দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত নতুন করে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন তিন লাখ ৯ হাজার ৩১৫ জন।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন যদি ঘোষিত সময়ে অনুষ্ঠিত হয়, তবে এই খসড়া ভোটার তালিকা ব্যবহার করা হবে। তবে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী যদি নির্বাচনের তারিখ পরিবর্তন হয়, সে ক্ষেত্রে পরবর্তী আপডেটেড তালিকা সম্পূরক ভোটার তালিকা হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালার অগ্রগতি সম্পর্কে সিনিয়র সচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি সংশ্লিষ্ট ফাইল আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এতে সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ এই পাঁচ ধাপের নির্বাচনের আচরণ বিধিমালা রয়েছে। তিনি বলেন, আইনের ব্যাপারটা এখনো পর্যন্ত পাঠানো হয়নি। নথিটা প্রক্রিয়াজাত আছে। এটা সম্পন্ন হয়ে গেলে সেটাও আমরা আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবো।

নতুন ভোটারদের দাবি

আপত্তির শেষ ২৪ আগস্ট

এ দিকে, নির্বাচন কমিশন থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির দাবি, কোনো নামের ওপর আপত্তি এবং তথ্য সংশোধনসংক্রান্ত আবেদন নিষ্পত্তির লক্ষ্যে দেশের ৬৪ জেলা ও বিভিন্ন ক্যান্টনমেন্ট এলাকায় মোট ১৫৪ জন কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। ভোটার তালিকা আইন, ২০০৯ অনুসরণে প্রকাশিত এই খসড়া তালিকার ওপর দাবি জানানোর জন্য ফরম-৬, আপত্তির জন্য ফরম-৭ এবং তথ্য সংশোধনের জন্য ফরম-৮ ব্যবহার করে আবেদন জমা দেয়া যাবে।

ইসি জানায়, আগামী ২৪ আগস্ট পর্যন্ত সাধারণ নাগরিকরা এসব দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন জমা দিতে পারবেন। পরবর্তীতে আপিল বা সংশোধনকারী কর্তৃপক্ষ ২৭ আগস্টের মধ্যে প্রাপ্ত আবেদনগুলো নিষ্পত্তি করবেন। নিষ্পত্তিকৃত আবেদনগুলোর সিদ্ধান্ত ২৮ আগস্টের মধ্যে হালনাগাদ তালিকায় সংযোজন করা হবে এবং সব প্রক্রিয়া শেষে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন।

ইসির সর্বশেষ চূড়ান্ত হালনাগাদ তথ্যানুযায়ী, এতদিন দেশে মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। যার মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ছয় কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ছিলেন এক হাজার ২৪৩ জন।