ঝুঁকিপূর্ণ ডাকবাংলো সেতু সংস্কারের দাবি

Printed Edition

লালমোহন (ভোলা) সংবাদদাতা

ভোলার লালমোহন পৌর শহরের ওয়েস্টার্নপাড়া ডাকবাংলো সেতুটি দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। গত রোববার সকালে ‘আমরা ওয়েস্টার্নপাড়া এলাকাবাসী’র ব্যানারে ওই সেতুর ওপর এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সেতুটি অত্যন্ত উঁচু হওয়ায় দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ, পথচারী ও যানবাহন চলাচলের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যে এখানে একাধিক দুর্ঘটনা ঘটেছে এবং অনেক মানুষ আহত হয়েছেন। বিশেষ করে, সেতুর অদূরেই লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসা অবস্থিত হওয়ায় প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী চরম ঝুঁকি নিয়ে এই সেতু পারাপার হয়। পর্যাপ্ত নিরাপত্তা অবকাঠামো ও সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। ‘আর নয় দুর্ঘটনা, চাই নিরাপদ সেতু’ সেøাগান তুলে অনতিবিলম্বে সেতুটি সংস্কার করে নিরাপদ চলাচল নিশ্চিতের দাবি জানান তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো: মোশারফ হোসাইন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুল হক, ফরাজগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: আবুল বাশার সেলিম, নাজিউর রহমান কলেজের অধ্যাপক মো: কামাল হোসেন শাহিন, সাবেক কমিশনার মো: আমজাদ হোসেন আলম এবং সাংবাদিক শাহীন কুতুবসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও শিক্ষার্থীরা।