ক্রিকেটার মোস্তাফিজের ঘটনায় বাংলাদেশের প্রতিক্রিয়া সাহসী ও যথাযথ : অর্থ উপদেষ্টা

Printed Edition

বিশেষ সংবাদদাতা

ক্রিকেটার মোস্তাফিজুরের ঘটনা বাংলাদেশ-ভারত কারো জন্য ভালো হয়নি- উল্লেখ করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে তার শুরুটা বাংলাদেশ থেকে করা হয়নি। এটা দুঃখজনক। এটা দুই দেশের (বাংলাদেশ-ভারত) কারোর জন্য ভালো হয়নি। তাকে আইপিএল থেকে বাদ দেয়ার বিষয়টি রাজনৈতিক বিষয়ের ভেতর ঢুকে পড়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ প্রতিক্রিয়াকে সাহসী ও যথাযথ বলেও উল্লেখ করেন তিনি।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

এক সাংবাদিক অর্থ উপদেষ্টাকে প্রশ্ন করেন, আপনি বলছিলেন যে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায় সরকার। কিন্তু আইপিএল থেকে মোস্তাফিজুরকে বাদ দেয়া হলো, তার পরিপ্রেক্ষিতে আইপিএল বাংলাদেশের সম্প্রচার বন্ধ হলো। এ জন্য পরে কী ধরনের প্রভাব পড়তে পারে? জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘না না আমাদের এখানে কোনো প্রভাব পড়ে নাই। আজকের ক্রয় কমিটির বৈঠকে স্পোর্টস নিয়ে একটা শব্দ উচ্চারিত হয়নি।’

কোনো প্রভাব পড়বে কি না? সাংবাদিকের এমন পাল্টা প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘না আমি আমার দিক থেকে দেখছি না, অর্থনৈতিক ক্ষেত্রে যেটা দরকার এবং রেশনাল ওয়েতে আমরা যে ডিসিশন নিচ্ছি সেটা অর্থনীতির সাথে, অ্যাটলিস্ট আমাদের ক্রয়ের ব্যাপারে কোনো প্রভাব পড়বে না।’

এটা শুধু অর্থ-বাণিজ্যের বিষয় না, পারস্পরিক সম্পর্কের বিষয় আছে। সাংবাদিকদের পক্ষ থেকে এমন কথা বলা হলে সালেহ উদ্দিন বলেন, ‘পারস্পরিক সম্পর্কের বিষয়ে আমি বলতে পারব না। ফরেন অ্যাডভাইজার ছিলেন, তাকে জিজ্ঞেস করতে পারেন।’

আপনি সেদিন বলেছিলেন ভারত প্রতিবেশী, তাদের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য কাজ করছে। এই পরিস্থিতিতে আমাদের নির্বাচনের দুই মাস আগে এমন ঘটনা, রাজনৈতিক কি না? এ ধরনের প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেন, আপনি প্রেক্ষিতটা দেখেন, শুরুটা কিন্তু বাংলাদেশ থেকে করা হয় নাই।

আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, হিটলারের সময় অলিম্পিক হয়েছিল, পৃথিবীর লোকজন যায় নাই? হিটলারকে ঘৃণা করতে সবাই কিন্তু গিয়েছিল। আমার মনে হয় একটা ইমোশনের সাথে কাজ হয়েছে, এটা দুই পক্ষ একটু বিবেচনা করলে সমাধান হবে। আমরা চাই না কোনোভাবেই কিন্তু আমাদের সম্পর্ক রাজনৈতিক ক্ষেত্রেই বলেন, আর অর্থ ক্ষেত্রেই বলেন ক্ষতিগ্রস্ত হোক।

ফেব্রুয়ারিতে এনবিআর দুই ভাগ কার্যকর হবে

৩১ ডিসেম্বরের মধ্যে এনবিআর দুই ভাগ করার কথা ছিল। কিন্তু সেটা হয়নি? এ বিষয়ে আপনার অভিমত কী? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, হলো না, আপনি দেখেন ফেব্রুয়ারির ১২ তারিখের মধ্যে হয় কি না। সব ফরমালিটিজ সম্পন্ন। ছোটখাটো একটা জিনিস আছে, হবে। অন্তর্বর্তী সরকারের আমলেই এটা হবে।