সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম প্রার্থিতা ফিরে পেয়েছেন। গত মঙ্গলবার নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন ৩ জানুয়ারি অধ্যাপক রেজাউল করিমের হলফনামায় ত্রুটির কারণে সংশ্লিষ্ট জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। বিষয়টি জানিয়েছেন অ্যাডভোকেট জাকির ও অ্যাডভোকেট রেজা কিবরিয়া।
এ দিকে রায় ঘোষণার পর অধ্যাপক রেজাউল করিম বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়ন বাতিল করেছিলেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে আমি ন্যায়ের পথে প্রার্থিতা ফিরে পেয়েছি। এতে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ এবং তিনি সবার দোয়া কামনা করেন।



