কাশ্মির ইস্যুতে ভারতকে আলোচনায় বসার আহ্বান পাকিস্তানের

দ্য ডন
Printed Edition
শাহবাজ শরীফ
শাহবাজ শরীফ

ভারতকে কাশ্মির বিরোধসহ সব বিবদমান বিষয় নিয়ে দ্বিপক্ষীয় আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গত বুধবার সিয়ালকোটের পাসরুর ক্যান্টনমেন্ট পরিদর্শনের সময় ভারতের প্রতি এ আলোচনার প্রস্তাব দেন তিনি। শাহবাজ বলেন, দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশকে পানিবণ্টনসহ যাবতীয় সমস্যা সমাধানের লক্ষ্যে আলোচনায় বসা উচিত। ভারত-পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সঙ্ঘাত চলাকালে পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘বুনইয়ান-উম-মারসুস’ নামে যে অভিযান চালিয়েছিল, তার প্রশংসা করেন শাহবাজ শরিফ। পহেলগাম হামলার পর ভারতের আক্রমণের জবাবে এই সামরিক অভিযান চালায় পাকিস্তান। এই অভিযান চলাকালে পাকিস্তান ২৬টি ভারতীয় সামরিক স্থাপনায় আঘাত হানে বলে দাবি করে ভারত। এর মধ্যে বিমানঘাঁটিও ছিল।

গত বুধবার শাহবাজ শরিফ সেনাদের উদ্দেশে দেয়া বক্তব্যে বলেন, ৬ থেকে ৭ মে ভারতীয় হামলার জবাবে পাকিস্তান পাল্টা যে অভিযান চালিয়েছে, তাতে প্রতিবেশী দেশের বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তান বিমানবাহিনী একাধিক ভারতীয় রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ২৬টি সামরিক লক্ষ্যবস্তুতে পাকিস্তানের আঘাতকে ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ হিসেবেও বর্ণনা করেন তিনি। ভবিষ্যতে হামলার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সতর্ক করেন শাহবাজ। তিনি বলেন, ‘যদি আবার আমাদের ওপর হামলা চালান, তবে সবকিছু হারাবেন। আমরা যুদ্ধের জন্যও প্রস্তুত, আবার সংলাপের জন্যও। এখন সিদ্ধান্ত আপনার।’