রাষ্ট্র সংস্কারে হ্যাঁ এবং দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন : রফিকুল ইসলাম খান

Printed Edition
বগুড়ার শাজাহানপুর হাইস্কুল মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম খান  :  নয়া দিগন্ত
বগুড়ার শাজাহানপুর হাইস্কুল মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম খান : নয়া দিগন্ত

বগুড়া অফিস ও শাজাহানপুর সংবাদদাতা

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আওয়ামী স্টাইলে দেশে আর কোনো নির্বাচন জনগণ হতে দেবে না। অবশ্যই আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হতে হবে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের মাঠে সবার সমান সুযোগ সৃষ্টি করতে হবে। তাই আগামীতে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে হলে দাঁড়িপাল্লা বিজয়ী করতে হবে। একই দিনের গণভোটে দেশের সকল সংস্কারের জন্য হ্যাঁ ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় মাঝিড়া উচ্চবিদ্যালয় মাঠের বিরাট কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শাজাহানপুর উপজেলা আমির উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বগুড়া-৭ আসনে সংসদ সদস্য প্রার্থী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, নায়েবে আমির অধ্যাপক আব্দুল হাকিম সরকার, জেলা সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, বগুড়া শহর সেক্রেটারি আ স ম আব্দুল মালেক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিনসহ জেলা ও উপজেলা নেতারা।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, দলীয় কোন্দল ও চাঁদাবাজির কারণে গত এক বছরে একটি দলের নিজেদের মধ্যে সংঘর্ষে ২০০ লোক নিহত হয়েছে। যাদের হাতে নিজেদের কর্মীরা নিরাপদ নয় তাদের হাতে বাংলাদেশ কখনো নিরাপদে থাকবে না। রফিকুল ইসলাম খান আরো বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলবে। নারীরা সর্বোচ্চ মর্যাদা পাবেন, সুশৃঙ্খল পরিবেশে দেশের যেকোনো স্থানে কাজ করতে পারবেন। কাউকে জোর করে বোরকা পরানো হবে না। অমুসলিমরা পূর্ণ ধর্মীয় স্বাধীনতা পাবেন। তাই আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে।

সম্মেলনের প্রধান বক্তা গোলাম রব্বানী বলেন, ‘আমি নির্বাচিত হলে বেকার যুবক ও নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব, শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়ন করব এবং চাঁদাবাজমুক্ত এলাকা গড়ে তুলব। সম্মেলনে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা আমির মাওলানা ইউনুছ আলী, শাজাহানপুর উপজেলা নায়েবে আমির আলহাজ আব্দুস সালাম, আলহাজ আব্দুল লতিফ প্রামাণিক, গাবতলী উপজেলা নায়েবে আমির অধ্যাপক মোর্শেদুর রহমান বাবুল, গাবতলী উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওয়াদুদ, হাফেজ মোকলেছুর রহমান মুকুল ও তারেকুল ইসলাম তারেক। সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক কর্মী অংশ নেন।