প্রথমবার ফ্রাঞ্চাইজিতেই শিরোপা নাহিদ রানার

Printed Edition

ক্রীড়া ডেস্ক

দেশের বাইরে প্রথমবার কোনো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে খেলতে গিয়ে টুর্নামেন্টের মাঝপথেই এই পেসারকে আবার দেশে ফিরতি হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজে খেলতে। পিএসএলের আগের ম্যাচগুলোতে ভালো খেলার পুরস্কারস্বরূপ দল ফাইনালে উঠায় আবার খেলার সুযোগ পান এই পেসার। কাজের চাপ ও পর্যালোচনা করে তাকে ফাইনাল খেলার জন্য এনওসি প্রদান করে বিসিবি। ফাইনালের আগে আবারো নাহিদ রানাকে উড়িয়ে নিয়েছিল পেশোয়ার জালমি। সুযোগ পেয়ে ফাইনালে নিজেকে প্রমাণ করেই শিরোপার স্বাদ নিয়ে ফিরলেন বাংলাদেশের এই তরুণ। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে নেন ২ উইকেট, যার মধ্যে ছিল গ্লেন ম্যাক্সওয়েলের মতো গুরুত্বপূর্ণ তারকা ব্যাটারকে আউট। ৫ উইকেটের জয়ে ৯ বছর পর পিএসএল চ্যাম্পিয়ন হয় পেশোয়ার জালমি। এটি তাদের পিএসএল ইতিহাসের দ্বিতীয় শিরোপা।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত পরশু টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ১২৯ রানেই অলআউট হয় হায়দরাবাদ কিংসম্যান। দলের হয়ে সর্বোচ্চ দু’টি স্কোর উসমান খান ৫৪ ও ২০ রান মারনাস লাবুশেনের। ৪ উইকেট নিয়ে ফাইনাল সেরা অ্যারন হার্ডি। আর টুর্নামেন্টসেরা হন সুফিয়ান মুকিম।

ছোট লক্ষ্যকে তাড়া করতে নেমে ৭ রানে দুই উইকেট হারায় পেশোয়ার। পিএসএলের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ ৫৮৮ রান করা বাবর আজম আউট হন গোল্ডেন ডাকে। ৬ রান করেন মোহাম্মদ হারিস। ৪০ রানে ৪ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে জালমি। অবশেষে সেই চাপ সামাল দেন অ্যারন হার্ডি ও আব্দুল সামাদ। দু’জনের ৮৫ রানের জুটির পর জয় থেকে যখন ৫ রান দূরে, সে সময় ৩৪ বলে ৪৮ রান করে সাজঘরে ফেরেন ৩৯ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন হার্ডি।