রামমন্দির ট্রাস্টে ২০০ কোটি রুপি দুর্নীতির অভিযোগ

Printed Edition

দ্য ওয়্যার

অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরকে কেন্দ্র করে নতুন করে বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির বিতর্ক দানা বেঁধেছে। মন্দির ট্রাস্টের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে প্রায় ২০০ কোটি রুপি আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ এনে গত মঙ্গলবার একটি অভিযোগপত্র দায়ের করা হয়েছে। এই চাঞ্চল্যকর অভিযোগটি এনেছেন ‘ধর্ম সেনা ভারত’-এর প্রধান ও সাবেক করসেবক সন্তোষ দুবে, যিনি প্রবীণ বিজেপি নেতা এল কে আদভানির সাথে ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস মামলার অন্যতম প্রধান আসামি ছিলেন।

হিন্দি ভাষায় দায়ের করা ওই অভিযোগপত্রে সন্তোষ দুবে উল্লেখ করেন, তিনি নিয়মিত রাম জন্মভূমি মন্দিরে যাতায়াত করেন। সেখানে প্রতিদিন ভক্তদের কাছ থেকে নগদ টাকা, সোনা ও রুপার কয়েন এবং মূল্যবান গহনা মিলিয়ে আনুমানিক এক কোটি রুপিরও বেশি অনুদান জমা পড়ে। ভক্তদের আবেগ জড়ানো এই বিপুল সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাম জন্মভূমি ট্রাস্টের ওপর ন্যস্ত থাকলেও, ট্রাস্টিরা তা সুরক্ষিত রাখার পরিবর্তে নিজেদের পকেটে পুরেছেন বলে দাবি করেন তিনি।