নিজস্ব প্রতিবেদক
দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কট এবং সার্বিক আর্থ-সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিরসনে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের জন্য রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। গতকাল রাষ্ট্রপতি বরাবর এ চিঠি প্রেরণ করা হয়। চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী ও সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমানে দেশজুড়ে তীব্র বিদ্যুৎ সঙ্কট বিরাজ করছে। লাগামহীন লোডশেডিংয়ের ফলে এক দিকে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, অন্য দিকে শিল্প-উৎপাদন ও ব্যবসাবাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কটের প্রত্যক্ষ প্রভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, যা জনগণকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে।
তিনি আরো লেখেন, জনগণের প্রতিনিধি হিসেবে এই সঙ্কটকালে আমরা নীরব থাকতে পারি না। দেশের এই উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সংসদে অর্থবহ আলোচনা ও আশু সমাধান খোঁজা অত্যন্ত জরুরি।
দেশজুড়ে বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কটসহ আনুষঙ্গিক অন্যান্য সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে অবিলম্বে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বান করার জন্য বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতির প্রতি উদাত্ত আহ্বান জানান।


