দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উল্লেখ না করাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা, বাগি¦তণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার নাটুদা ইউনিয়নে এ অপ্রীতিকর ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নাটুদা ইউনিয়নে উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানে সঞ্চালক নাটুদা হাইস্কুলের ধর্মীয় শিক্ষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় ক্ষুব্ধ হয়ে ওঠেন বিএনপি নেতাকর্মীরা। বিষয়টি নিয়ে প্রথমে বাগি¦তণ্ডা শুরু হলেও একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
অভিযোগ উঠেছে, বিএনপি নেতাকর্মীরা অনুষ্ঠান সঞ্চালককে মারধরের চেষ্টা করলে জামায়াত নেতাকর্মীরা বাধা দেন। এতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় নাটুদা ইউনিয়ন জামায়াতের আমির শামসুজ্জোহাকে বিএনপির এক নেতা হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।
উপজেলা জামায়াতের আমির নায়েব আলী ও সেক্রেটারি মো: টিটন বলেন, ‘আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছি। কিন্তু আমাদের নেতাকর্মীদের প্রকাশ্যে হত্যার হুমকি দেয়া হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। একটি জাতীয় দিবসের অনুষ্ঠানে এমন আচরণ কাম্য নয়।’
অন্য দিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু অভিযোগ করে বলেন, ‘সরকারি অনুষ্ঠান আয়োজনে রাজনৈতিক দলগুলোর সাথে কোনো সমন্বয় করা হয়নি। বারবার অনুরোধ সত্ত্বেও উপস্থাপক স্বাধীনতার ঘোষকের নাম এড়িয়ে যাওয়ায় নেতাকর্মীরা ক্ষুব্ধ হন। এছাড়া অনুষ্ঠানে বিএনপি নেতাদের যথাযথ সম্মান দেখানো হয়নি।’
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওবায়দুল্লাহ রহমান সাহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জিয়াউর রহমানের নাম উল্লেখ না করাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছিল। নাটুদা এলাকায় ঘটে যাওয়া এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’



