ক্রীড়া প্রতিবেদক
আলোচনাটা অনেক দিন ধরেই চলছিল। শেষ পর্যন্ত সেটিই সত্যিই হলো। নেতৃত্ব হারালেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক হলেন লিটন কুমার দাস। গতকাল বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা শেষে ওয়ানডে অধিনায়ক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়। এখন থেকে লিটন ওয়ানডে ও টি-২০ দুই দলকেই নেতৃত্ব দেবেন। ওয়ানডের সহ-অধিনায়ক হয়েছেন তৌহিদ হৃদয়। টেস্টে নাজমুল হোসেন শান্তই থাকছেন অধিনায়ক।
২০২৫ সালের জুনে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক নিযুক্ত হন মিরাজ। যদিও সে সময় শান্তর অধীনে দল ভালোই করছিল। সিদ্ধান্তটি তুমুল বিতর্ক তৈরি করে। মিরাজের অধীনে শুরুতে দল ধুঁকতে থাকলেও সাম্প্রতিক সময়ে খারাপ করেনি। যদিও দেশের বাইরে ১৩ ওয়ানডে খেলে তার অধীনে মাত্র দুটি ম্যাচ জিতেছে টাইগাররা। এর আগে শান্ত তিন ফরম্যাটেই দলকে নেতৃত্ব দিচ্ছিলেন। স্বেচ্ছায় টি-২০ দলের নেতৃত্ব ছাড়লে সেই ফরম্যাটে লিটনকে অধিনায়ক করে বোর্ড। এরপর হুট করে ওয়ানডের নেতৃত্ব থেকে শান্তকে সরিয়ে দায়িত্ব দেয়া হয় মিরাজের কাঁধে। যদিও সেই দায়িত্ব বেশি দিন পালন করা হলো না মিরাজের।
মিরাজের নেতৃত্বে সদ্যসমাপ্ত জিম্বাবুয়ে সিরিজ পর্যন্ত ২৪ ওয়ানডে খেলেছে বাংলাদেশ। জিতেছে ১০ ম্যাচ এবং হেরেছে ১৪ ওয়ানডে। ২০২৪ সালে আফগানিস্তানের বিপক্ষে এক ওয়ানডে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডে শান্তর অনুপস্থিতিতে অধিনায়কত্ব করেছেন মিরাজ। আনুষ্ঠানিকভাবে গত বছরের জুলাইয়ে শ্রীলঙ্কা সিরিজ থেকে এ বছরের জুলাই পর্যন্ত জিম্বাবুয়ে সিরিজ পর্যন্ত বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক ছিলেন। শ্রীলঙ্কা, আফগানিস্তান দুই দলের বিপক্ষেই সিরিজ হারে বাংলাদেশ। এরপর থেকেই মিরাজের অধিনায়কত্বের জাদু শুরু। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ঘরের মাঠে টানা চার ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। তবে জিম্বাবুয়ে সফরে গিয়ে তাঁর নেতৃত্বে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারে বাংলাদেশ।
লিটনের ওয়ানডেতে অধিনায়কত্ব একেবারে নতুন নয়। এর আগে ২০২২ থেকে ২০২৩ সালে ৭ ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ১ টেস্ট, ৭ ওয়ানডে ও ৩১ আন্তর্জাতিক টি-২০তে অধিনায়কত্ব করেছেন লিটন। গতকাল আনুষ্ঠানিকভাবে পেয়ে গেলেন ওয়ানডে দলের নেতৃত্বভার।
নেতৃত্ব পরিবর্তনের সিদ্ধান্তের বিষয়ে বিসিবি সভাপতি তামিম বলেন, ‘আমি বিশ্বাস করি আমাদের দুই অধিনায়ক থাকা দরকার, বোর্ডও তাই বিশ্বাস করে।’ তিনি জানান, লিটন দাসকে ওয়ানডে দলের অধিনায়ক করার বিষয়ে মেহেদী হাসান মিরাজের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে এবং তিনি এ সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন। এ দিকে নেতৃত্ব হারানোর দিনই দেশে ফিরেছেন মিরাজ। সম্প্রতি লঙ্কা প্রিমিয়ার লিগে খেলছিলেন এই অলরাউন্ডার। তবে জাতীয় দলের অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরে আসেন তিনি।
নেতৃত্বে পরিবর্তনের মাধ্যমে সাদা বলের ক্রিকেটে একক নেতৃত্বের দায়িত্ব পেলেন লিটন দাস। সামনে অস্ট্রেলিয়া সফরসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সূচিকে সামনে রেখে নতুন অধিনায়কের অধীনে দলের পারফরম্যান্স কেমন হয়, সেটিই এখন দেখার অপেক্ষায় সবাই।



