ভালুকায় সাবেক সাব-রেজিস্ট্রারের কারাদণ্ড

Printed Edition

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহের বিশেষ আদালত ভালুকার সাবেক সাব- রেজিস্ট্রার ফজলার রহমানসহ চারজনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দু’টি মামলায় চার বছরের কারাদণ্ড দিয়েছেন। একই মামলায় এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলীকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত অন্য তিন আসামি হলেন- জামিরদিয়া এলাকার খোকা মিয়া, ভালুকা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দলিল লেখক আকরাম হোসেন জুয়েল এবং পালগাঁও গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে দলিল শনাক্তকারী রুহুল আমিন। মামলার বিবরণে জানা যায়, পালগাঁও মৌজার এসএ ১২৮৯ নম্বর দাগে বনবিজ্ঞপ্তিভুক্ত ১২৭ শতাংশ সরকারি জমি ২২ লাখ ৫০ হাজার টাকা মূল্য দেখিয়ে জালিয়াতির মাধ্যমে রেজিস্ট্রি করে সরকারের সম্পত্তি আত্মসাতের অভিযোগ ওঠে।

এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক মাসুদুর রহমান বাদি হয়ে ২০১৭ সালের ২৯ অক্টোবর ভালুকা মডেল থানায় মামলা করেন। অভিযোগপত্রে দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। গত সোমবার বিশেষ বিচারক ফারজানা ফেরদৌস রায় ঘোষণা করেন।