নিজস্ব প্রতিবেদক
ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম হজরত মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী বলেছেন- কুরআন ও সহিহ সুন্নাহর সুস্পষ্ট ঘোষণার আলোকে যে ব্যক্তি রাসূলে কারিম সা:-এর চূড়ান্ত নবুওয়াত অস্বীকার করে বা অন্য কাউকে নবী হিসেবে বিশ্বাস করে, সে মুসলমান নয়।
গতকাল শুক্রবার রাজধানীর আফতাবনগর মাদরাসায় অনুষ্ঠিত খতমে নবুওয়াত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুফতি আবুল কাসেম নোমানী বলেন, বর্তমান সময়ে মুসলিম উম্মাহকে কুরআন-সুন্নাহর বিশুদ্ধ শিক্ষা এবং আকাবিরে দেওবন্দের মানহাজের আলোকে ঈমান-আকিদা সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কাদিয়ানিসহ বিভিন্ন বিভ্রান্তিকর মতবাদ ও বাতিল আদর্শের অপপ্রচার মোকাবেলায় ইলম, দাওয়াত, হিকমাহ ও যুক্তিনির্ভর উপস্থাপনার মাধ্যমে সমাজে সহিহ আকিদার প্রসার ঘটানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরো বলেন, আকাবিরে দেওবন্দ সবসময় কুরআন, সুন্নাহ ও আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকিদার ভিত্তিতে মুসলিম উম্মাহর ঐক্য রক্ষায় কাজ করেছেন। বর্তমান প্রেক্ষাপটে ঈমান-আকিদা সংরক্ষণ, দ্বীনের মৌলিক বিশ্বাস রক্ষা এবং বিভ্রান্তিকর মতাদর্শ সম্পর্কে সচেতনতা সৃষ্টি সময়ের গুরুত্বপূর্ণ দাবি।
খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির নায়েবে আমির ও আফতাবনগর মাদরাসার মুহতামিম মুফতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং মাওলানা ফয়সাল ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দেওবন্দের শূরা সদস্য মাওলানা হাসান মাহমুদ রাজস্থানী, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা শায়েখ সাজিদুর রহমান, কিশোরগঞ্জ জামিয়া এমদাদিয়ার প্রিন্সিপাল মাওলানা শাব্বির আহমদ রশিদ, মাওলানা ড. জহিরুল ইসলাম, মুফতি লুৎফুর রহমান ফরায়েজী, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবায়দুল্লাহ কাসেমী, মাওলানা শুয়াইব ইব্রাহিম, মুফতি আব্দুল মাজীদ, মুফতি আবু যর, মাওলানা ইলিয়াস কাসেমী ও মুফতি ইমরানুল বারী সিরাজীসহ দেশের বিভিন্ন আলেমরা।



