হিন্দুস্তান টাইমস
আজাদ কাশ্মিরের বিধানসভা নির্বাচন ও চলমান সঙ্ঘাত পরিস্থিতি নিয়ে ‘হলুদ সাংবাদিকতা’ এবং বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের অভিযোগে আলজাজিরার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে কোনো আদেশ জারি না করলেও, সোমবার থেকে দেশটির সর্বত্র আলজাজিরার অফিশিয়াল ওয়েবসাইটে সাধারণ প্রবেশাধিকার বন্ধ করে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় একাধিক মাধ্যম।
পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে সংবাদমাধ্যমটির বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য উপস্থাপনের অভিযোগ আনা হয়। সেখানে উল্লেখ করা হয়, মুজাফফরাবাদের গুটিকয়েক কেন্দ্র ও নির্দিষ্ট কিছু ব্যক্তির ভাষ্য সংগ্রহ করে আজাদ কাশ্মিরের নির্বাচন নিয়ে অসংলগ্ন তথ্য ছড়িয়ে দেয়া হয়েছে। পাকিস্তান সরকারের ধারণা, এমন একপেশে সংবাদ পরিবেশনের নেপথ্যে বিশেষ কোনো উদ্দেশ্য নিহিত থাকতে পারে। মূলত আজাদ কাশ্মিরের সার্বিক পরিস্থিতি-সংক্রান্ত খবরকে কেন্দ্র করেই পাকিস্তান সরকার এই কড়া পদক্ষেপ নিয়েছে। উক্ত অঞ্চলে নির্বাচনের পূর্বেই শরণার্থী কোটা রদের সুনির্দিষ্ট দাবিতে জোরালো আন্দোলন গড়ে তোলে স্থানীয় রাজনৈতিক সংগঠন ‘জয়েন্ট অওমি অ্যাকশন কমিটি’। আন্দোলনের তীব্রতা বাড়ায় গত জুন মাসে এই রাজনৈতিক সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে দেশটির কেন্দ্রীয় প্রশাসন।



