গাজায় আগুন নিভিয়ে দারুণ কাজ করেছি: ট্রাম্প

Printed Edition

আনাদোলু

গাজা যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তারা গাজার ‘আগুন নিভিয়েছেন’ এবং জিম্মিদের ফিরিয়ে এনেছেন। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে এক সংবাদ সম্মেলনে গাজা পরিস্থিতি নিয়ে কথা বলেন ট্রাম্প। সেখানে (গাজায়) যুক্তরাষ্ট্রের ভূমিকার ব্যাপক প্রশংসা করে তিনি জানান, ওয়াশিংটন সেখানে দারুণ কাজ করেছে। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, গাজায় আমরাই আগুন নিভিয়েছি এবং সব জিম্মিকে ফিরিয়ে এনেছি। নিহত জিম্মিদের বাবা-মায়েরা জানতেন তাদের সন্তানরা আর বেঁচে নেই, তবু তারা লাশ ফেরত চেয়েছিলেন। শেষ পর্যন্ত আমরা সবাইকে ফিরিয়ে আনতে পেরেছি। গাজায় এখন ইতিবাচক নানা পরিবর্তন আসছে বলেও দাবি করেন তিনি।

তবে একই সময়ে গাজা ও পশ্চিম তীরে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। দক্ষিণ গাজার খান ইউনুসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুর কাছে বেসামরিক লোকজনের একটি জমায়েতে ইসরাইলি ড্রোন হামলায় ৯ জন আহত হয়েছেন বলে জনিয়েছে আনাদোলু। গতকাল শনিবারের এ হামলাকে চলমান যুদ্ধবিরতি চুক্তির নতুন লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন চিকিৎসা সূত্র।