শ্রীলঙ্কাকে হারিয়ে শীর্ষে সাবিনারা

Printed Edition
বাংলাদেশ দলের দুই গোলদাতা সাবিনা ও কৃষ্ণা রানী 	:  বাফুফে
বাংলাদেশ দলের দুই গোলদাতা সাবিনা ও কৃষ্ণা রানী : বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

প্রথম ম্যাচে ভারতে ৩-১ গোলে হারিয়ে এরপর অপ্রত্যাশিতভাবে ভুটানের সাথে ৩-৩ গোলে ড্র করা। এতে প্রথম সাফ নারী ফুটসালে বাংলাদেশ দলের শিরোপার রেসে থাকাটা অনিশ্চিত হয়ে গিয়েছিল। কারণ তাদের পরের প্রতিপক্ষগুলো শক্তিশালী। এরই মধ্যে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়ে লাল-সবুজ মেয়েদের জয় পাওয়াটা সংশয়ে ফেলে দিয়েছিল। তবে শেষ পর্যন্ত কোনো বিপদ নয়। একে একে জয়ের পথেই হাঁটছে সাবিনা খাতুনরা। আগের ম্যাচে ৩-০ গোলে উড়িয়ে দেয়া নেপালকে। আর গতকাল দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কাকে ৬-৩ গোলে উড়িয়ে দেয়া। ফলে নারী সাফ ফুটসালে খোদা রাহমীর দল এখন পয়েন্ট তালিকার শীর্ষে। চার খেলায় ১০ পয়েন্ট নিয়ে সাত দলের মধ্যে সবার উপরে এখন বাংলাদেশ। ৯ পয়েন্ট নিয়ে এর পরেই অবস্থান ভারতের। বাংলাদেশ এখন আগামীকাল পাকিস্তান এবং ২৫ তারিখে মালদ্বীপের বিপক্ষে জিতলেই প্রথম শিরোপা দেশে আনতে পারবে। পাকিস্তান ও নেপালের পয়েন্ট ৭ করে। ভুটানের ভাণ্ডারে ৫ পয়েন্ট।

থাইল্যান্ডের ব্যাংককে ননথাবুরি স্টেডিয়ামে মাস্ট উইন ম্যাচে ১৬ মিনিটে বাংলাদেশের জালে দুই গোল। যা কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট করে ইরানি কোচ খোদা রাহমীর। ১৩ মিনিটে লঙ্কান ফুটবলার শানু পাশকানার প্রথম পরাস্থ করেন কিপার স্বপ্না আক্তার ঝিলিকে। এরপর ১৬ মিনিটে ইমিশা কানকানামালেগে ব্যবধান দ্বিগুণ করেন। দুই পিছিয়ে মরণ কামড় দেয়া শুরু করেন সাবিনা, কৃষ্ণা রানী, সুমাইয়া মাতসুসিমারা। খেলায় ফিরতে অবশ্য বেশিক্ষণ সময় নেয়নি বাংলাদেশ দল। ম্যাচের ২০ মিনিট বয়সেই স্কোর বোর্ডে শোভা পাচ্ছিল বাংলাদেশ ২-২ শ্রীলঙ্কা। ১৮ ও ২০ মিনিটে জোড়া গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন। দুই ক্ষেত্রেই সাবিনাকে বলের জোগান দেন অপর স্ট্রাইকার কৃষ্ণা রানী সরকার।

বিরতির পর বাংলাদেশ দলের একচ্ছত্র দাপট। এই অর্ধে কৃষ্ণা রানী দুইবার বল জালে পাঠান। ২৮ মিনিটে সাবিনার কর্নারে পা লাগিয়ে দলকে গোল উৎসবে মাতান সুমাইয়া মাতসুসিমা। ৩৬ মিনিটে সাবিনার পাসে গোল কৃষ্ণা রানীর। ৩৮ মিনিটে সাবিনার হ্যাটট্রিক হয়নি তার শট বিপক্ষ কিপার ঠেকালে। তবে এতে বাংলাদেশ অধিনায়ক হতাশ হলেও ফিরতি বলে ডিফেন্ডার মাছুরা পারভীন প্লেসিং শটে বল জালে পাঠান। ৪০ মিনিটে কৃষ্ণা রানী দ্বিতীয় গোল করলে ৬-২-এ এগিয়ে যায় ঢাকা থেকে যাওয়া দল। তবে ওই শেষ মিনিটেই শ্রীলঙ্কার ইমিশা দলের তৃতীয় গোলের দেখা পেলে ৬-৩ এ জয় দিয়ে ম্যাচ শেষ করে বাংলাদেশ।