নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ আদালতের আইন কর্মকর্তার পদ থেকে জামায়াতপন্থী আইনজীবীরা পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: রায়হান কবিরের কাছে এই পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগকারী আইনজীবীরা হলেন সহকারী জিপি অ্যাডভোকেট মাঈনুদ্দিন মিয়া, অতিরিক্ত জিপি অ্যাডভোকেট মো: জাহাঙ্গীর দেওয়ান, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো: নিজাম উদ্দিন, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট গোলাম সারওয়ার, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন, সহকারী পিপি অ্যাডভোকেট মো: মাসুদুর রহমান ও সহকারী পিপি অ্যাডভোকেট আক্তার হোসেন।
অতিরিক্ত জিপি অ্যাডভোকেট মো: জাহাঙ্গীর দেওয়ান বলেন, নিয়োগপ্রাপ্ত হওয়ার পর থেকে আমরা আমাদের দায়িত্ব শতভাগ সততার সাথে পালন করার চেষ্টা করেছি। বিচারপ্রার্থীদের প্রতিকার দেয়ার জন্য শতভাগ চেষ্টা করেছি। কিন্তু বর্তমান সরকারের কার্যক্রমের সাথে আমরা একমত পোষণ করতে পারছি না।
তিনি আরো বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে।
কিন্তু তারা সরকারে আসীন হওয়ার পর জুলাইকে ভুলে গেছে। জুলাই সনদ বাস্তবায়ন না করা; স্বাধীন সচিবালয় না করা এবং আইন সচিবালয় ও গুম কমিশন অধ্যাদেশ বাতিল করার কারণে প্রতিবাদ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছি। জেলা ম্যাজিস্ট্রেট আমাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: রায়হান কবির বলেন, আমরা পদত্যাগপত্র গ্রহণ করেছি। এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত দেয়া হবে।



