পাংশায় জুয়েলারিসহ ৪ দোকানে ২১ লাখ টাকার মালামাল লুট

Printed Edition

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হাটবনগ্রাম বাজারে মধ্য রাতে তিনটি জুয়েলারি ও একটি ওষুধের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত ৩টা থেকে ৪টার মধ্যে রফিক উদ্দিন শপিং কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি, ডাকাতরা প্রায় ২১ লাখ ২৫ হাজার টাকার স্বর্ণালঙ্কার, রুপা ও অর্থ লুট করেছে।

স্থানীয় ও দোকান মালিকদের সূত্রে জানা গেছে, ৮ থেকে ১০ জনের মুখোশধারী একটি দল মার্কেটে ঢুকে নৈশপ্রহরী কালু ও জাকিরকে জিম্মি করে হাত-মুখ বেঁধে ফেলে। পরে চারটি দোকানের তালা কেটে লুটপাট চালায়।

ব্যবসায়ীদের হিসাব অনুযায়ী, গ্যারান্টি জুয়েলার্স থেকে প্রায় ছয় লাখ ৬০ হাজার, সুস্মিতা জুয়েলার্স থেকে দুই লাখ ১৫ হাজার, লক্ষ্মী জুয়েলার্স থেকে ১১ লাখ এবং রাহুল ফার্মেসি থেকে এক লাখ ৫০ হাজার টাকা মূল্যের মালামাল ও অর্থ লুট করা হয়েছে।

লক্ষ্মী জুয়েলার্সের মালিক কৃষ্ণপদ বিশ্বাস বলেন, তার দোকান থেকে দেড় ভরি স্বর্ণ ও বিপুল পরিমাণ রুপা নিয়ে গেছে ডাকাতরা। তিন নৈশপ্রহরীর মধ্যে দু’জনকে হাত-পা বেঁধে প্রায় আধা কিলোমিটার দূরের মাঠে ফেলে রাখা হয়।

পাংশা মডেল থানার ওসি শেখ মাঈনুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কোনো অভিযোগ বা গ্রেপ্তারের ঘটনা ঘটেনি। ভুক্তভোগীদের অভিযোগ দিতে বলা হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।