দুর্গতদের পাশে দাঁড়াতে বাংলাদেশ খেলাফত মজলিসের আহ্বান

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের দস্তিদারহাট, কেওচিয়া ও সাতকানিয়ার বন্যাকবলিত বিভিন্ন এলাকা সরেজমিন পরিদর্শন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি সরকারের পাশাপাশি দেশের বিত্তবান ব্যক্তি, সামাজিক ও মানবিক সংগঠন এবং সর্বস্তরের জনগণের প্রতি দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। গতকাল সোমবার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।

পরিদর্শনের সময় তিনি বন্যাদুর্গত মানুষের সাথে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগে গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, এই দুর্যোগের সময়ও আপনারা একা নন। বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদের পাশে রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

দলীয় সূত্র জানায়, সংগঠনটির উদ্যোগে চলমান ত্রাণ কার্যক্রমের আওতায় বন্যাকবলিত বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী, চাল, ডাল, শুকনো খাবার, বিশুদ্ধ পানিসহ প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আলী উসমান, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা নাসিরুদ্দিন মুনির, মাওলানা মিজানুর রহমান মোল্লাসহ জেলা ও মহানগরের নেতারা।