ক্রীড়া ডেস্ক
লন্ডন ম্যারাথনের আয়োজকরা জানিয়েছেন, এককালীন বিশেষ আয়োজন হিসেবে ২০২৭ সালের ২৪ ও ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে এই ম্যারাথন প্রতিযোগিতা। লক্ষ্য আরো বেশি মানুষকে অংশ নেয়ার সুযোগ করে দেয়া। আগামী আসরের জন্য রেকর্ড ১৩ লাখ ৩৮ হাজারের বেশি আবেদন জমা পড়ার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দুই দিনে আয়োজনের ফলে ২০২৭ সালে মোট এক লাখ দৌড়বিদ অংশ নিতে পারবেন, যা কার্যত আগের তুলনায় দ্বিগুণ সুযোগ সৃষ্টি করবে। আয়োজকদের ধারণা, এর মাধ্যমে দাতব্য খাতে ১৫ কোটি পাউন্ডের বেশি অর্থ সংগ্রহ সম্ভব হবে এবং যুক্তরাজ্যের অর্থনীতিতে প্রায় ৪০ কোটি পাউন্ডের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব পড়বে।
লন্ডন ম্যারাথন ইভেন্টসের প্রধান নির্বাহী হিউ ব্র্যাশার বলেন, এটি তাদের সবচেয়ে বড় ও সাহসী পরিবর্তন। তার ভাষায়, এটি এক প্রজন্মে একবার দেখা যাবে এমন বিশেষ আয়োজন, যা ম্যারাথনের ধারণাকেই নতুনভাবে উপস্থাপন করবে।
লন্ডনের মেয়র সাদিক খানও উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, লন্ডন বিশ্বের ক্রীড়া রাজধানীগুলোর একটি এবং এই বিশেষ আয়োজন শহরের জন্য গর্বের বিষয়।
১৯৮১ সালে যাত্রা শুরু করা লন্ডন ম্যারাথনে প্রথমবার অংশ নেয়ার সুযোগ পেয়েছিলেন মাত্র ৭ হাজার ৭৪৭ জন। আর এখন সেই আয়োজন পৌঁছেছে এক লাখ অংশগ্রহণকারীর লক্ষ্য পর্যন্ত।



