জাতীয় প্রেস ক্লাবের আকরম খাঁ হলে গতকাল সচেতন শিক্ষক সমাজের উদ্যোগে সংগঠনের আহ্বায়ক অধ্যাপক আব্দুল আউয়ালের সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য সচিব অধ্যাপক আব্দুল হাকিমের সঞ্চালনায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পক্ষে আট দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলো হচ্ছে-
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি অনতিবিলম্বে জাতীয়করণ করতে হবে,
সরকারি চাকরিজীবীদের সাথে একই সময়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৯ম জাতীয় পে-স্কেলের অন্তর্ভুক্ত করতে হবে।
এমপিওভুক্ত প্রতিষ্ঠানে সরকারি শিক্ষকদেরকে প্রেরণের নিয়োগ বন্ধ করতে হবে এবং এতদসঙ্গে এমপিওভুক্ত শিক্ষকদের মধ্যে থেকে যোগ্য ও মেধাবীদেরকে আনুপাতিক হারে প্রেরণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন দফতরে নিয়োগের ব্যবস্থা করতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদফতর, শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট দফতরগুলো থেকে আওয়ামী দোসরদের অপসারণ করতে হবে।
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদেকে অংশ গ্রহণের সুযোগ অব্যাহত রাখতে হবে এবং কোনো বাধা সৃষ্টি করা যাবে না।
শিক্ষক-কর্মচারীদের বর্তমানে চাকরির বয়স ৩৫ নির্ধারণ করায় অবসরের বয়সসীমা ৬৫ বছর নির্ধারণ করতে হবে।
এমপিওভুক্ত শিক্ষকদের বদলির বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তার সাথে কর্মচারীদের বদলির সুযোগ সৃষ্টি করে অনতিবিলম্বে সরকার ও শিক্ষা মন্ত্রণালয় যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন তার জোর দাবি জানানো হয়।
শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাতা ও চিকিৎসা ভাতা চলমান অর্থবছরে সরকারি নিয়মে প্রদানসহ অবসর কল্যাণের টাকা অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদেরকে দ্রুত প্রদানের ব্যবস্থা করতে হবে। বিশেষ করে অবসর-কল্যাণের টাকার ঘাটতি নিরসনে সরকার যেন প্রতি বছরের বাজেটে অতিরিক্ত অর্থ প্রদানের ব্যবস্থা করে তার জোর দাবি জানানো হয়।
উপস্থিত বক্তারা বলেন, সরকারের পক্ষ থেকে যদি উপরোক্ত দাবিগুলো আগামী ৩১ জুলাই তারিখের মধ্যে মেনে নেয়া না হয় তাহলে দলমত নির্বিশেষে দেশের সব বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ঐকমত্যে সংগ্রাম কমিটি গঠন করে দাবি আদয়ের জন্য রাজপথে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অধ্যাপক কাজী মাঈনুদ্দিন-ঢাকা, জাকারিয়া শরিফ-ঢাকা, প্রভাষক হাওলাদার আবুল কালাম আজাদ-ঢাকা, এইচ এম সাইদুর জামান-ঢাকা, মখলেছুর রহমান-গাজীপুর, বোরহান-ঢাকা, আবদুল মফিজ-ঢাকা, পলি ম্যাডাম-ব্রাহ্মণবাড়িয়া, রোকেয়া চৌধুরী বেবি-ঢাকা, অধ্যপক আবদুল হক-শরিয়তপুর, আবুল বাশার-ঢাকা, ফয়েজ আহমেদ-লক্ষ্মীপুর, জাকির হোসেন আকন্দ-ময়মনসিংহ, আলমগীর হোসেন-বরিশাল, কে এম ফজলু-কিশোরগঞ্জ, জসিম উদ্দিন-গাজীপুর প্রমুখ নেতা। বিজ্ঞপ্তি।



