নয়া দিগন্ত ডেস্ক
দেশে শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে মোট চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে এই রোগে মোট মৃত্যু হাজার ছুঁই ছুঁই। সর্বশেষ মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে নিশ্চিত হামে একজন এবং উপসর্গে আরেকজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া উপসর্গে মারা যাওয়া বাকি দুইজন সিলেট বিভাগের বাসিন্দা। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে একই সময় নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন ৯১৭ জন। এর মধ্যে ৮৪৩ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ৭৪ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৬১ শিশু, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫৭১ শিশু।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট ৯৯১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ১০০ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮৯১ জন।
একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ৬৩ হাজার ১০৫ জনের। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১৯ হাজার ৬৪১ জন। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে এক লাখ ৮২ হাজার ৭৪৬ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৪৩ হাজার ২১৪ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে এক লাখ ৩৭ হাজার ৯২১ জন।
চলতি বছরে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪৬৪ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ১৫৭, রাজশাহীতে ৯৫, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৭৪, বরিশালে ৭৫, খুলনায় ৩৫ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।



