বাসস
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শহীদ হাফেজ মাওলানা রেজাউল করিমের পরিবারের সাথে সাক্ষাৎ এবং তার কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।
রোববার সকালে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি প্রাইভেট হেলিকপ্টারে শেরপুরে পৌঁছান এবং সরাসরি শহীদ রেজাউল করিমের বাড়িতে যান। সেখানে তিনি তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন, খোঁজখবর নেন ও সান্ত্বনা দেন। এই কঠিন বিপদে তাদের ধৈর্যধারণের তাওফিক কামনা করে আল্লাহর কাছে দোয়া করেন তিনি।
জামায়াত আমির শহীদ রেজাউল করিমের তিন বছরের কন্যা সন্তানকে কোলে তুলে নেন এবং অবুঝ শিশুর মুখের দিকে তাকিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। এরপর ডা: শফিকুর রহমান নেতাকর্মীদের নিয়ে শহীদ রেজাউল করিমের কবর জিয়ারত করেন। তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে মহান আল্লাহর দরবারে শহীদ রেজাউল করিমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
এ সময় আমিরের সাথে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়াসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী এবং স্থানীয় গ্রামবাসী।



