দৈনিক মজুরি ভিত্তিতে ৭৫০ শ্রমিক নিয়োগ করবে কেসিসি

আগামী মাসে বাজেট ঘোষণা

Printed Edition
প্রশাসক নজরুল ইসলামের সভাপতিত্বে কেসিসির পরিচালনা পর্ষদের সভায় সদস্যরা অংশ নেন  : নয়া দিগন্ত
প্রশাসক নজরুল ইসলামের সভাপতিত্বে কেসিসির পরিচালনা পর্ষদের সভায় সদস্যরা অংশ নেন : নয়া দিগন্ত

খুলনা ব্যুরো

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) পরিচালনা কমিটি বৃক্ষরোপণের জন্য ১০০ ও বর্জ্য ব্যবস্থাপনা কাজে ৬৫০ শ্রমিক দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগ, আগামী মাসে বাজেট ঘোষণাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। গতকাল নগর ভবনের কমিটির ১৩তম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

সভায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি হিসেবে মহানগরীতে ৫০ হাজার বৃক্ষরোপণ ও পরিচর্যা নিশ্চিতের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের অনুমোদনক্রমে দৈনিক মজুরি ভিত্তিতে ১’শ জন এবং বর্জ্য ব্যবস্থাপনা কাজে দৈনিক মজুরি ভিত্তিতে ৬৫০ জন শ্রমিক নিয়োগ, সোনাডাঙ্গা সোলার পার্কে বেসরকারিভাবে সৌরবিদ্যুৎ উৎপাদন ও রক্ষণাবেক্ষণ, খুলনা ওয়াসা কর্তৃক খননকৃত সড়ক মেরামতের বিষয়ে উভয় সংস্থার মধ্যে সভা আহ্বান, ঠিকাদারের মাধ্যমে বড় ড্রেনগুলোর বর্জ্য অপসারণ, দুপুরের পর বাড়ি বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে এসটিএসে স্থানান্তর এবং সেখানে থেকে পরে রাতে বর্জ্য অপসারণ, দ্রুত পানি নিষ্কাশনের লক্ষ্যে রূপসা স্লুুইচগেটে পরীক্ষামূলকভাবে পাম্প স্থাপন, ট্রাক টার্মিনালসংলগ্ন পাইকারি কাঁচা বাজারে অনুমোদনহীন ৫৩টি আড়ৎ ঘরের বিষয়ে প্রধান রাজস্ব কর্মকর্তাকে প্রধান করে কমিটি গঠন এবং আগামী মাসের প্রথম দিকে কেসিসির ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণার সিদ্ধান্ত হয়।

এ ছাড়া সভায় ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে প্রচার প্রচারণা বৃদ্ধিসহ ২৭, ২৮, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম আরো জোরদার করা, পিটিআই মোড় ও নতুন বাজার মোড়ের এসটিএস স্থানান্তরের জন্য জেলা প্রশাসনের মালিকানাধীন পাশের অব্যবহৃত জায়গা বরাদ্দ এবং কবির বটতলা ও কল্পতরু মার্কেটসংলগ্ন এলাকার এসটিএস স্থানান্তরের জন্য কেডিএর মালিকানাধীন জায়গা বরাদ্দের অনুরোধ জানিয়ে জেলা প্রশাসন ও কেডিএ বরাবর চিঠি দেয়াসহ নিরালা কবরখানাসংলগ্ন এলাকায় নির্মিত এসটিএসে যাতায়াতের জন্য কেডিএ কর্তৃক নির্মাণাধীন সড়কটির কাজ দ্রুত শেষ করার অনুরোধ জানানো হয়। রূপসা পাইকারি মৎস্য বাজারসংলগ্ন উন্মুক্ত জায়গায় একটি হাঁস-মুরগি ও ডিমের পাইকারি বাজার নির্মাণের লক্ষ্যে জায়গা বরাদ্দ এবং নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রয়ের লক্ষ্যে সুবিধাজনক স্থানে একটি জায়গা নির্ধারণের বিষয়ে জেলা প্রশাসনে পত্র প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ন্যূনতম দু’টি ওয়ার্ড মিলিয়ে একটি ছোট খেলার মাঠ, শিশুদের জন্য ছোট ছোট শিশু পার্ক নির্মাণসহ শহীদ হাদিস পার্কসংলগ্ন খুলনা ওয়াসার ছয়টি ক্লোরিন গ্যাস সিলিন্ডার স্থানান্তরের জন্য জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের পরিচালনায় সভায় কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মো: রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রাহিমা সুলতানা বুশরা, চিফ প্লানিং অফিসার আবির উল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: শরীফ শাম্মীউল ইসলাম, বাজেট কাম একাউন্টস অফিসার মো: মনিরুজ্জামান, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এডমিন) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, কেডিএর সদস্য (প্রশাসন ও অর্থ) এম এম মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক বিতান কুমার মণ্ডল, বিটিসিএলের ম্যানেজার এস এম সাদমান রহমান, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো: মুরশীদ আলমসহ সড়ক ও জনপথ, বিভাগীয় স্বাস্থ্য, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, বিআইডব্লিউটিএ, বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে চট্টগ্রামে পাহাড় ধসসহ সারা দেশে অতিবর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এবং নিহতদের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।