মেঘনায় বিশাল সমাবেশ

দেশে সুস্থ ধারার রাজনীতিতে তারেক রহমানের বিকল্প নেই : ড. মোশাররফ

Printed Edition

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন, দেশ পরিচালনা ও সুস্থ ধারার রাজনীতিতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো বিকল্প নেই। তিনি অনন্য ও অসাধারণ ব্যক্তিত্বসম্পন্ন রাজনীতিক। স্বাধীনতার পরে প্রতিটি প্রতিকূল ও ধ্বংসাত্মক অবস্থা থেকে দেশকে টেনে তুলে শহীদ রাষ্ট্রপতি জিয়া এবং বেগম খালেদা জিয়া জনগণকে টেকসই উন্নয়ন ও বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছেন। তেমনিভাবে তারেক রহমানও ফ্যাসিস্ট হাসিনার রেখে যাওয়া ধ্বংসস্তূপের বাংলাদেশকে দ্রুত উন্নয়ন ও গণতন্ত্রের পথে এগিয়ে নিচ্ছেন।

ড.খন্দকার মোশাররফ শুক্রবার কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিপূর্ব বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় এ কথা বলেন।

মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক মো: রমিজউদ্দিন লন্ডনীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো: সেলিম ভুঁইয়া এমপি। বিশেষ অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল হাশেম। সমাবেশ সঞ্চালনা করেন, আয়োজক সংগঠনের সদস্য সচিব এস এম সালাহউদ্দিন সরকার।

সমাবেশে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্বাস উদ্দিন কমান্ডার, ওসমান গণি ভূঁইয়া ও তৌহিদুল ইসলাম বাবু, দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, মেঘনা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন বায়েজিদ, মেঘনা বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, ডা: আবদুল কাইউম, আবদুল গাফফার, মো: সলিমউল্লাহ, দিলারা শিরীন ও আবু ইউসুব নয়ন, মেঘনা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ও সদস্য সচিব আবদুল হান্নান প্রমুখ। বিজ্ঞপ্তি।