ক্রীড়া প্রতিবেদক
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাবেক দুর্নীতিবিরোধী প্রধান অ্যালেক্স মার্শাল। সেখানে সাম্প্রতিক অগ্রগতি নিয়ে বলেন, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমরা প্রকাশ্যে সাতজনের বিরুদ্ধে অভিযোগ আনার কথা জানিয়েছি এবং একজনকে এক্সক্লুডেড পারসন হিসেবে ঘোষণা করেছি। তবে এখানেই তদন্তের শেষ নয়। আরো কিছু মামলা তদন্তাধীন রয়েছে। ভবিষ্যতে আপনারা আরো অভিযোগ দেখতে পারেন।’
সবশেষ যে তিনজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগের তারিখ ছিল ১ সেপ্টেম্বর। তাদের জবাব দেয়ার সময়ও শেষের দিকে বলে জানিয়েছেন মার্শাল, ‘সবশেষ যে তিনজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদের ১ সেপ্টেম্বর অভিযোগ করা হয়েছে। তাই তাদের জবাব দেয়ার জন্য আর দুই বা তিন দিন সময় বাকি আছে। তারা চাইলে দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনালের মাধ্যমে শুনানির আবেদন করতে পারেন এবং অভিযোগ অস্বীকার করতে পারেন।’
অভিযুক্ত তিনজন ছিলেন- বিসিবির সাবেক পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মুহাম্মদ মুখলেসুর রহমান (শামীম), সাবেক সিকিউরিটি লিয়াঁজো অফিসার (এসএলও) জাকির হোসেন এবং বগুড়া জেলার সাবেক বিসিবি কাউন্সিলর রাকিবুল ইসলাম সানি।
দ্বাদশ বিপিএলের চূড়ান্ত নিলাম তালিকা থেকে বাদ পড়া ৯ জনের মধ্যে প্রাথমিক তালিকায় ছিলেন আট ক্রিকেটার। তারা হলেন- দুর্দান্ত রাজশাহীর এনামুল হক, শফিউল ইসলাম, সানজামুল ইসলাম ও মিজানুর রহমান, ঢাকা ক্যাপিটালসের মোসাদ্দেক হোসেন ও আলাউদ্দিন বাবু এবং সিলেট স্ট্রাইকার্সের আরিফুল হক ও নিহাদুজ্জামান। পরে প্রাথমিক তালিকায় আরিফুল হক যোগ হন।
তবে গত বিপিএলে খেলতে না পারলেও বর্তমানে ওই ৯ ক্রিকেটারের ঘরোয়া ক্রিকেট চালিয়ে যেতে কোনো বাধা নেই।



