খুলনা ব্যুরো
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের যুবসমাজ তাদের নেতৃত্ব বিকাশের উন্মুক্ত পরিবেশ পাচ্ছে না। তাদের ওপরে জোর করে সবকিছু চাপিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। যুবকেরা গত তিন তিনবারের নির্বাচনে নিজের ভোট সমর্থন দেয়ার সুযোগ পায়নি। এখনই সময় সব জুলুমের অবসান ঘটিয়ে দেশ এবং জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে ময়দানে ভূমিকা রাখার। খুলনার খানজাহান আলী থানাধীন পশ্চিম শিরোমণি ইয়াং সোসাইটি আয়োজিত নাইট ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গতকাল প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ইয়াং সোসাইটির সভাপতি মুরসালিন হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের ইসলামীর সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, খানজাহান আলী থানা ছাত্রশিবির সভাপতি আল ইমরান শেখ, মাওলানা সাইফুল ইসলাম, শেখ শাহাবুদ্দিন প্রমুখ। ফাইনাল ম্যাচে ট্রাইবেকারে ২-১ গোলে ড্রিম আইটি গ্যালাক্সি অব শিরোমণিকে পরাজিত করে।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, দেশ জাতি ও রাষ্ট্র গঠনে সবচেয়ে মৃখ্য ভূমিকা পালন করে থাকে যুবসমাজ। অথচ আমাদের দেশে তারাই সবচেয়ে বেশি অবহেলিত। তাদের মেধার বিকাশে রাষ্ট্রের কোনো অবদান নেই। বরঞ্চ যুবকদের মেধা ধ্বংসের যাবতীয় আয়োজন সম্পন্ন হয়ে আছে। কিছু যুবক বহু কষ্টে তাদের নিজ মেধাকে বিকশিত করার জন্য সংগ্রাম করছেন। পরবর্তী পর্যায়ে তাদের মেধা বিকাশের ক্ষেত্রগুলো বন্ধ করে দেয়া হচ্ছে। দলীয় অন্ধ আনুগত্য না থাকলে ব্যক্তির মেধা ও যোগ্যতা যত বেশিই হোক না কেন তাকে রাষ্ট্রীয় কোনো ভালো স্থানে দায়িত্ব দেয়া হয় না। একটা মানুষের সবচেয়ে বড় অধিকার তার কথা বলার অধিকার। ন্যায়ের পক্ষ নেয়া এবং অন্যায়ের প্রতিবাদ করা। আজকে সেসব অধিকার কেড়ে নেয়া হয়েছে। মিথ্যা মামলা ঠুকে দিয়ে অনেক সম্মানিত ব্যক্তিকে অপমাণিত করা হয়।
এ দিকে মিয়া গোলাম পরওয়ার গতকাল সকালে খানজাহান আলী থানার গিলাতলা ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন। ওয়ার্ড সভাপতি সরওয়ার হোসেন নজরুলের সভাপতিত্বে সমাবশে বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, খানজাহান আলী থানা আমির ডা: সৈয়দ হাসান মাহমুদ টিটো, উপজেলা কর্মপরিষদ সদস্য ও আটরা-গিলাতলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাফেজ মাওলানা গোলাম মোস্তফা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেখ ইসারাত আলী, হাফেজ আব্দুল্লাহ আল মামুন, মাস্টার হেলাল উদ্দিন প্রমুখ।



