শাসক নয়, জনগণের সেবক হয়ে রাষ্ট্র চালাতে চাই : মিরপুরে ডা: শফিকুর রহমান

Printed Edition
রাজধানীর মিরপুরে নির্বাচনী গণসংযোগে বক্তব্য রাখছেন ডা: শফিকুর রহমান : নয়া দিগন্ত
রাজধানীর মিরপুরে নির্বাচনী গণসংযোগে বক্তব্য রাখছেন ডা: শফিকুর রহমান : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, গত ৫৪ বছর ধরে এ দেশের মানুষের ওপর ধারাবাহিকভাবে জুলুম, বৈষম্য ও ফ্যাসিবাদ চাপিয়ে দেয়া হয়েছে। আমরা এমন এক নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে ভূখণ্ডের পরিবর্তন নয়- পরিবর্তন হবে মানুষের চরিত্র, নৈতিকতা ও রাষ্ট্র পরিচালনার দৃষ্টিভঙ্গি। জনগণের সমর্থন পেলে আমরা শাসক হয়ে নয়, বরং জনগণের সেবক হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করতে চাই।

গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী ডিজিটাল ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

ডা: শফিকুর রহমান বলেন, বাংলাদেশের ইতিহাসের অধিকাংশ সময়ই জনগণ ন্যায়বিচার ও মানবিক রাষ্ট্রব্যবস্থা থেকে বঞ্চিত ছিল। ক্ষমতাসীনদের দুর্নীতি, লুটপাট ও দলীয়করণের কারণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে। জামায়াতে ইসলামী একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে জনগণের সামনে এসেছে।

তিনি বলেন, আমাদের রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকবে মানুষ- বিশেষ করে শিশু, সাধারণ জনগণ এবং মা-বোনদের নিরাপত্তা ও মর্যাদা। তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং নৈতিক শিক্ষার মাধ্যমে একটি উৎপাদনশীল সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

মিরপুর ও কাফরুল এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, এই অঞ্চল দীর্ঘদিন ধরে সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডের শিকার হয়েছে। সাধারণ মানুষ এখানে নিরাপত্তাহীনতায় ভুগছে। যারা সত্যিকার অর্থে শান্তি, ন্যায়বিচার ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে সক্ষম, আল্লাহ যেন তাদের হাতেই দেশের দায়িত্ব ন্যস্ত করেন।

তিনি আরো বলেন, নতুন বাংলাদেশে রাষ্ট্র পরিচালিত হবে আমানত হিসেবে। ক্ষমতা হবে জনগণের কল্যাণের হাতিয়ার, লুটপাটের মাধ্যম নয়। নির্বাচিত হলে জনগণের প্রতিটি ন্যায্য অধিকার ঘরে ঘরে পৌঁছে দিতে জামায়াতে ইসলামী সর্বাত্মকভাবে কাজ করবে।

বক্তব্য শেষে ডা: শফিকুর রহমান দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন। পরে তিনি নির্বাচনী প্রচারণার জন্য বিশেষভাবে সজ্জিত ‘ডিজিটাল ক্যাম্পেইন বাস’সহ একাধিক প্রচারযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসব গাড়ির মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সারা দেশে জামায়াতের নির্বাচনী বার্তা জনগণের কাছে পৌঁছে দেয়া হবে বলে জানান নেতারা।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মো: তসলিম, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ এবং জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক সাইফুল্লাহ মানসুর। এ ছাড়া মিরপুর ও কাফরুল এলাকার স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।