নিজস্ব প্রতিবেদক
তারেক রহমান আগামী দিনের গণতন্ত্রের টর্চবেয়ারার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
গতকাল জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘গণতন্ত্রের যে মশাল শহীদ জিয়া হাতে নিয়েছিলেন, সেই মশাল বেগম খালেদা জিয়া দীর্ঘসময় ধরে বহন করেছিলেন। এখন সেই মশাল তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন। এখন গণতন্ত্রের টর্চবেয়ারার (মশালবাহী) হচ্ছেন তারেক রহমান। সমস্ত জাতিকে তিনি ঐকবদ্ধ হয়ে ফ্যাসিস্টমুক্ত করতে সক্ষম হয়েছেন। আমাদের আগামী দিনের গণতন্ত্রের টর্চবেয়ারার হচ্ছেন তারেক রহমান। আমাদের যেটা করতে হবে, সেটা হলো- আমাদের মানদণ্ড উঁচু রাখতে হবে। জাতিকে শৃঙ্খলিত করতে হবে।’
বেগম খালেদা জিয়া কখনো আপস করেননি মন্তব্য করে তিনি বলেন, ‘তিনি আপসহীন ছিলেন। কিন্তু যারা পালিয়ে গেছে, তারাও আপস করেছে। যারা আজকে আমাদের সাথে নির্বাচন করছে, তাদের মন্তব্যও ১/১১ এর পক্ষে ছিল। তারা ১/১১ এর সময় সহায়ক ভূমিকা পালন করেছে। একমাত্র বেগম খালেদা জিয়া কোনো ধরনের কম্প্রোমাইজ করেনি।
জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মো: আবদুল লতিফের সভাপতিত্বে শোক সভা ও দোয়া মাহফিলে এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।



