সাংস্কৃতিক প্রতিবেদক
জাতীয় নির্বাচনে জামানত হারিয়ে এবার মেয়র নির্বাচনের ঘোষণা দিয়েছেন আলোচিত মডেল মেঘনা আলম। এবার ঢাকা-৮ আসন থেকে ‘ট্রাক’ প্রতীকে নির্বাচন করে ৬০৮ ভোট পেয়ে জামানত হারান তিনি; কিন্তু এক দিন না যেতেই তিনি ঘোষণা দিয়েছেন, আগামী ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়বেন।
বিবৃতিতে মেঘনা বলেন, ‘এটি শেষ নয়, দীর্ঘমেয়াদি যাত্রার শুরু। ১১ বছর আন্তর্জাতিক পর্যায়ে রাজনৈতিক প্রশিক্ষক হিসেবে কাজ করেছি। জাতীয় রাজনীতিতে আমার অভিষেক হয়েছে ত্রয়োদশ নির্বাচনের মাধ্যমে। এবার মেয়র নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছি।’
নিজের প্রচারণা নিয়ে তিনি জানান, তার ছিল না কোনো বিলবোর্ড, বড় ক্যাম্প বা ব্যয়বহুল প্রচারণা। শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত প্রচারও করেননি। মাত্র তিন দিন এলাকায় হেঁটে মানুষের সাথে মতবিনিময় করেছেন।
তার ভাষ্য, ‘এই ৬০৮ ভোট এসেছে সততা থেকে, মানুষের সাথে সরাসরি সংযোগ থেকে। অন্যরা মাসের পর মাস প্রচারণা চালিয়েও যে স্বীকৃতি পান না, আমি তা পেয়েছি সীমিত সময় ও শূন্য খরচে। সময় ও অর্থ পেলে ৬০৮ ভোট হয়তো ৬০ হাজারেও পৌঁছাত।’ মেঘনা আরো জানান, তার দল গণ অধিকার পরিষদ বিএনপির সাথে সমন্বয়ে নির্বাচনে অংশ নিলেও তিনি বিএনপির পোলিং এজেন্ট সহায়তা নেননি নিরপেক্ষ অবস্থান ধরে রাখার জন্য।
সবশেষে তিনি বলেন, রাজনীতি অর্থ আর আড়ম্বরের খেলা নয়; এটি সাহস ও মানুষের প্রতি ভালোবাসার জায়গা। ‘যে নারী ভয় পেয়ে দমে যায় না, তাকে থামানো যায় না। একদিন শহর, হয়তো দেশও বদলে দেবেন’- এমন আত্মবিশ্বাসী বার্তাও দেন তিনি।



