প্রতিদ্বন্দ্বিতা শেষে সম্প্রীতির বার্তা

জামায়াত প্রার্থীর বাসায় বিএনপির মুক্তাদির

Printed Edition

সিলেট ব্যুরো

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (মহানগর-সদর) আসনে বিজয়ের পর রাজনৈতিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বিএনপি মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদির। ফল ঘোষণার পরপরই তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যান।

গত শুক্রবার বাদ জুমা খন্দকার আবদুল মুক্তাদির শিবগঞ্জের লামাপাড়ায় অবস্থিত মাওলানা হাবিবুর রহমানের বাসায় পৌঁছলে তাকে আন্তরিকভাবে স্বাগত জানান মাওলানা হাবিবুর রহমান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দু’জনেই মিষ্টিমুখ করেন। এ সময় মাওলানা হাবিব নবনির্বাচিত সংসদ সদস্যকে বিজয়ের জন্য অভিনন্দন জানান এবং এলাকার শান্তি-সম্প্রীতি ও উন্নয়নমূলক রাজনীতি এগিয়ে নেয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে খন্দকার আবদুল মুক্তাদির বলেন, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতার একটি প্রক্রিয়া মাত্র। নির্বাচনের পর সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করাই গণতন্ত্রের সৌন্দর্য। তিনি রাজনৈতিক ভিন্নমত থাকা সত্ত্বেও পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দেন।