কাউখালীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

Printed Edition

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের কাউখালী উপজেলার সদর ইউনিয়নের বদরপুর গ্রামে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় একই পরিবারের চার সদস্য অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও ঘরের আসবাবপত্র, খাদ্যসামগ্রীসহ প্রায় সব মালামাল ভস্মীভূত হয়ে গেছে। বর্তমানে পরিবারটি স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে।

গত রোববার উপজেলার বদরপুর গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে প্রায় তিন থেকে চার লাখ টাকার মালামাল এবং পাঁচ থেকে ছয় লাখ টাকা মূল্যের বসতঘর পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত মুরাদ হোসেন রাঢ়ী জানান, গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বের হয়ে পুরো ঘর ভরে যায়। এর মধ্যেই চুলায় আগুন জ্বালানোর সাথে সাথে বিকট শব্দে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বলেন, সরকারি বিধি অনুযায়ী পরিবারটির পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেয়া হয়েছে।