সিএসইডি ও ডিকেবির আয়োজনে তরুণ আলেমদের আগামীর ক্যারিয়ারের উৎকর্ষতা ও দক্ষতা উন্নয়নে ‘শিক্ষা ও দা’ওয়াহ’ প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন মাওলানা রুহুল আমীন সাদী (সভাপতি, সিএসইডি) এবং সঞ্চালনায় ছিলেন অধ্যাপক মাওলানা মহব্বত হোসাইন (নির্বাহী, সিএসইডি)। অতিথি হিসেবে লেখক, গবেষক আসাদ পারভেজ বলেন, আলেম সমাজকে মিম্বরে বজ্রকণ্ঠে এলোমেলো কথা বলার চেয়ে বস্তু ও তথ্যনির্ভর এবং জ্ঞানভিত্তিক কথা বলতে হবে, যাতে দেশ ও জাতি সমৃদ্ধি পায়।
তিনি বলেন, আলেমরা শুধু মসজিদের ইমাম নন; আপনারা মানুষের আশা, নৈতিক সাহস ও সামাজিক আস্থার প্রতীক। তাই আপনাদের চরিত্র, আচরণ, ভাষা ও প্রজ্ঞাই আপনাদের সবচেয়ে বড় পরিচয়। মানুষ এমন আলেম দেখতে চায়, যিনি মানুষের দুঃখে পাশে দাঁড়ান; যিনি ন্যায়ের কথা বলেন; যিনি তরুণদের প্রশ্নকে ভয় না পেয়ে ধৈর্যের সাথে উত্তর দেন; যিনি মতের অমিলকে শত্রুতা নয়, আলোচনার সুযোগ হিসেবে দেখেন।
তিনি আরো বলেন, যখন একজন আলেম বিনয়, সততা, জ্ঞান, গবেষণা, মানবসেবা ও ন্যায়পরায়ণতার দৃষ্টান্ত স্থাপন করেন, তখন তার মর্যাদা মানুষের হৃদয়ে স্থায়ী হয়ে যায়।
যখন একজন শিক্ষিত মানুষ তার জ্ঞানকে মানুষের কল্যাণে ব্যবহার করেন, তখন তিনিও জাতির সম্পদ হয়ে ওঠেন।
একটি সভ্য জাতি গড়তে দরকার- জ্ঞান, নৈতিকতা, সততা, গবেষণা, মানবিকতা ও পারস্পরিক সম্মান। যেখানে আলেমের মর্যাদা তার চরিত্রে, শিক্ষিত মানুষের মর্যাদা তার কর্মে আর উভয়ের মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে যাবে উন্নতি, ন্যায় ও মানবিকতার পথে। বিজ্ঞপ্তি।



