ফজলুল হক রোমান, নেত্রকোনা
প্রধান উপদেষ্টার প্রেস সচিব (সিনিয়র সচিব) মুহাম্মদ শফিকুল আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। এতে সন্দেহের কোনো কারণ নেই। এই নির্বাচন ঠেকানোর সাধ্য কারো নেই। গতকাল শুক্রবার স্থানীয় সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় জেলা প্রশাসক আব্দুল্লাহ-আল-মাহমুদ জামান, পুলিশ সুপার সায়েম মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, সারা দেশে নির্বাচনী হাওয়া দেখতে পাচ্ছি, সবাই প্রস্তুতি নিচ্ছে। সর্বত্র ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে। পুরোদমে নির্বাচনী প্রচারণা চলছে। গণভোট অনুষ্ঠানের সম্পর্কে তিনি বলেন, এ বিষয়ে রাজনৈতিক দলকেই সিদ্ধান্ত নিতে হবে, নইলে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে। এই সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টাসহ কয়েকজনের খাবারের অবিশ^াস্য বিলের বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ডাহা মিথ্যা কথা। আমরা এর আগেও দেখেছি, মাইলস্টোন, সেন্টমার্টিনসহ নানান বিষয়ে মিথ্যাচার চালানো হয়েছে। এক সময় আমি নিজেও সাংবাদিকতা করেছি। অনেক টিভি চ্যানেলের মালিক টকশো গরম করার জন্য পরিচিত কিছু লোক দিয়ে মিথ্যাচার করিয়ে থাকেন। তিনি আরো বলেন, উচ্চপর্যায়ের সাংবাদিক ও এডিটররা সাংবাদিকদের অধিকার নিয়ে সুন্দর, সুন্দর কথা বলেন; কিন্তু তারাই সাংবাদিকদের বঞ্চিত ও তাদের প্রতি অবিচার করে থাকেন। কোনো সম্মানী না দিয়ে তাদের হাতে একটি কার্ড ধরিয়ে দেন। এ বিষয়ে সাংবাদিকদেরই সোচ্চার হতে হবে। নিজেদের অধিকার নিজেদের আদায় করার আহ্বান জানান তিনি।



