ক্রীড়া ডেস্ক
২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়ার পর দক্ষিণ কোরিয়ার ফুটবলে ব্যাপক সমালোচনা ও পরিবর্তনের দাবি উঠেছে। দলের হতাশাজনক পারফরম্যান্সের দায় নিয়ে প্রধান কোচ হং মিয়ং-বো পদত্যাগ করেছেন। একই সাথে দেশটির প্রেসিডেন্টও ফুটবল ব্যবস্থাপনার দুর্বলতা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন।
২০০২ সালে যৌথ আয়োজক হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা দক্ষিণ কোরিয়া এবার শেষ ৩২-এ ওঠার সুযোগ হাতছাড়া করে। সেরা আট তৃতীয় স্থানের একটি হওয়ার সম্ভাবনা থাকলেও শেষ ম্যাচে তুলনামূলক নিচের সারির দল দক্ষিণ আফ্রিকার কাছে ১-০ গোলে হেরে বিদায় নিতে হয়।এই ব্যর্থতার পর প্রেসিডেন্ট লি জে মিয়ং জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন এবং ‘অদক্ষ ব্যবস্থাপনা’কে দায়ী করেন। দলের সাবেক অধিনায়ক ও সাবেক তারকা ফুটবলার পার্ক জি-সাং বলেন,. এই ফল অপ্রত্যাশিত নয়। দীর্ঘ দিন ধরে যে সমস্যাগুলো তৈরি হয়েছে, সেগুলোর সমাধান না হওয়ায় পরিস্থিতি এখানে এসে দাঁড়িয়েছে। তিনি বিশ্বকাপ প্রস্তুতি ও ফুটবল উন্নয়নের পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানান। গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়া শুরুতে চেকিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেলেও পরে মেক্সিকোর কাছে ১-০ ব্যবধানে হারে। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজয় তাদের বিদায় নিশ্চিত করে। কোচ হং মিয়ং-বো সমালোচনার মুখে আরো চাপে পড়েন গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়ক সন হিউং-মিনকে বেঞ্চে রাখার সিদ্ধান্তের কারণে।



