নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংবিধান সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরে এসে শুধুমাত্র সংশোধনের কথা বলা জাতির সাথে প্রতারণার সামিল। তিনি আরো বলেন, একই ভোটে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে একটি মেনে অন্যটি না মানার সুযোগ নেই। পার্লামেন্টে সংবিধান সংস্কার না হলে এ সমস্যার সমাধান রাজপথেই হবে।
গতকাল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে জুলাই আন্দোলনে সংঘটিত গণহত্যার বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে অনুষ্ঠিত জাতীয় শ্রমিক সমাবেশে ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমানের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লসকর মো: তসলিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য নুরুল ইসলাম বুলবুল এমপি। আরো বক্তৃতা করেন, ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি ও বাংলাদেশ রিকশা শ্রমিক ফেডারেশনের সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খাঁন, বাংলাদেশ কৃষি শ্রমিক ফেডারেশনের সভাপতি গোলাম রব্বানী, বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি কবির আহমদ, বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আব্দুস সালাম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা মুহিবুল্লাহ প্রমুখ।
মিয়া গোলাম পরওয়ার জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণ করে বলেন, তাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের পথ উন্মোচিত হয়েছে। তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আহতদের সুস্থতা ও তাদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য দোয়া কামনা করেন। তিনি বলেন, জুলাইয়ের কনিষ্ঠ শহীদ জাবের ইব্রাহিম, আনাস ও মেহেদী হাসানসহ যারা প্রাণ দিয়েছেন, তাদের কোনো রাজনৈতিক উচ্চাকাক্সক্ষা ছিল না, তারা বৈষম্যহীন রাষ্ট্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। সেই চেতনাকে ধারণ করেই রাষ্ট্র পরিচালনা করা উচিত বলে মন্তব্য করেন তিনি।



