জ্বালানি সঙ্কট মোকাবেলায় কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়াচ্ছে জাপান

Printed Edition

এএফপি

মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত জ্বালানি সঙ্কট মোকাবেলায় কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাপান। এরই মধ্যে কয়লাভিত্তিক উৎপাদন কেন্দ্রের ওপর আরোপিত বিধিনিষেধ সাময়িকভাবে শিথিল করার পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। গতকাল শুক্রবার দেশটির এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

এর আগে জাপানের গণমাধ্যমগুলো, যার মধ্যে জিজি প্রেসও রয়েছে, জানিয়েছিল শিল্প মন্ত্রণালয় এই প্রস্তাব ঘোষণা করতে যাচ্ছে। তারা নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করে। শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তা তাকাহিদে সোয়েদা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘প্রতিবেদিত তথ্যটি সত্য’ ও পরিকল্পনাটি ওইদিনই বিশেষজ্ঞ প্যানেলের বৈঠকে উপস্থাপন করা হবে।

এর আগে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে উচ্চমাত্রার কার্বন ডাই-অক্সাইড নিঃসরণকারী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতা ৫০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখার নির্দেশনা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী এপ্রিল থেকে শুরু হওয়া নতুন অর্থবছর থেকে এক বছরের জন্য পুরনো ও কম দক্ষ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় চালানোর অনুমতি দেয়া হবে বলে জানান তিনি।

গত মাসের শেষ দিকে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের যুদ্ধের পর ইরান গুরুত্বপূর্ণ জ্বালানি বাণিজ্যপথ হরমুজ প্রণালী আংশিকভাবে বন্ধ করে দিলে এশিয়ার অনেক দেশই তাদের অর্থনীতি সচল রাখতে কয়লার দিকে ঝুঁকেছে।