৩ মাস ধরে অভিভাবকহীন রাজশাহী নার্সিং কলেজ

Printed Edition

রাজশাহী ব্যুরো

রাজশাহী নার্সিং কলেজ (আরএনসি) প্রায় তিন মাস ধরে অধ্যক্ষবিহীন থাকায় প্রশাসনিক অচলাবস্থা তৈরি হয়েছে। এ অবস্থায় দ্রুত অধ্যক্ষ নিয়োগের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কলেজটির শিক্ষার্থীরা। গতকাল শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীরা দাবি আদায়ে নানা স্লোগান দেন।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে অধ্যক্ষ না থাকায় কলেজে নানা ধরনের সমস্যা তৈরি হয়েছে। প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে জটিলতা, স্টাফদের বেতন বন্ধ থাকা এবং শিক্ষার্থীদের স্টাইপেন্ড না পাওয়া, এসব কারণে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। কর্মসূচিতে স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন তিন দিনের আলটিমেটাম ঘোষণা করে। সংগঠনটির সভাপতি রাশিদুল ইসলাম বলেন, ‘৭২ ঘণ্টার মধ্যে অধ্যক্ষ নিয়োগ না দিলে আমরা আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।’

এদিকে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করে রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের শিক্ষার্থীদের সংগঠন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স। সংগঠনটির সদস্যরা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে তারা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।