৫৫ বছর পর মন্ত্রী পেল দেওয়ানগঞ্জ
স্বাধীনতার ৫৫ বছর পর এই প্রথম পূর্ণ মন্ত্রী পেল জামালপুরের দেওয়ানগঞ্জবাসী। জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মনোনীত হওয়ায় পুরো উপজেলায় বইছে আনন্দের জোয়ার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী হিসেবে মহামান্য রাষ্ট্রপতির কাছে তিনি শপথ পাঠ করেন। এ সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা ছাড়াও জামালপুর জেলা শহরে আনন্দ মিছিল বের করেন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিল শেষে দলীয় কার্যালয়সহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। গত শুক্রবার সন্ধ্যায় দেওয়ানগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এর আগে ২০০১ সালের নির্বাচনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছিলেন এম রশিদুজ্জামান মিল্লাত। ১৯৭১ সালের স্বাধীনতার পর এই প্রথম দেওয়ানগঞ্জ উপজেলা থেকে কেউ প্রথমে প্রতিমন্ত্রী এবং পরবর্তীতে পূর্ণ মন্ত্রিত্ব লাভ করলেন। দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা।
ভিমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু
বান্দরবানের লামায় ভিমরুলের কামড়ে জান্নাত আরা (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে লোহাগাড়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার আজিজনগর ইউনিয়নের রোডপাড়া এলাকার মৃত আমিরুজ্জামানের স্ত্রী। জানা যায়, শুক্রবার সকালে বাড়ির পেছনের দিকে হাঁটতে বের হলে আকস্মিকভাবে তাকে একদল ভিমরুল আক্রমণ করে। এতে তিনি শরীরজুড়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তীতে সন্ধ্যার দিকে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান। জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, বয়স্কদের ক্ষেত্রে ভিমরুলের কামড় অতি সংবেদনশীল এবং দ্রুত সঠিক চিকিৎসা না পেলে অ্যালার্জি ও শ্বাসকষ্টের কারণে প্রাণহানি ঘটতে পারে। লামা (বান্দরবান) সংবাদদাতা।
বিরোধে অনিশ্চয়তায় শিশুদের শিক্ষা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে শতবর্ষী বসতবাড়ি ভেঙে গুঁড়িয়ে দেয়ার এক বছর পরও সহিংসতা থামেনি। ভিটেমাটি হারিয়ে ২৮ সদস্যের একটি যৌথ পরিবার দীর্ঘ এক বছর ধরে গৃহহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। ফলে পরিবারটির অন্তত ১০ জন শিশুর পড়াশোনা বন্ধ হয়ে গেছে। উপজেলার মগটুলা ইউনিয়নের কর্মা গ্রামে জমি নিয়ে সংঘর্ষের একপর্যায়ে কছুম উদ্দিনের ছেলে খোকন মিয়া নিহত হন। এরপর প্রতিপক্ষ গিয়াস উদ্দিনের বাড়িঘরে হামলা চালিয়ে বুলডোজার দিয়ে চারটি বিল্ডিং ও পাঁচটি ঘর গুঁড়িয়ে দেয়া হয়। এতে প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি উচ্ছেদ হওয়া পরিবারের। পরবর্তীতে বিষাদে কছুম উদ্দিন নিজেও আত্মহত্যা করেন। ভুক্তভোগী পরিবারের সদস্য মুফতি এখলাছ উদ্দিন জানান, এক বছর ধরে বাড়িছাড়া থাকায় তাদের শিশুরা স্কুলে যেতে পারছে না। তবে অভিযুক্ত পক্ষের দাবি, উত্তেজিত এলাকাবাসী বাড়িঘর ভাঙচুর করেছে। ঈশ্বরগঞ্জ থানার ওসি জানান, বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা।
চাঁদা না পেয়ে পিটিয়ে আহত
ঢাকার আশুলিয়ায় ১৫ লাখ টাকা চাঁদা না পেয়ে দুই ব্যক্তির ওপর সশস্ত্র হামলা ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। হামলাকারীদের মারধরে আহত নুরু মিয়া (৫৭) ও তার ভাগ্নে জুয়েলকে (৩৫) আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নুরু মিয়া বাদি হয়ে সোহাগ, শাকিল ও রবিন সিকদারসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বড় ওয়ালিয়া এলাকায় নুরু মিয়ার ক্রয়কৃত জমি দখলের উদ্দেশ্যে বিবাদিরা দীর্ঘদিন ধরে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। গত শুক্রবার সন্ধ্যায় জমি দেখতে গেলে সন্ত্রাসীরা রড, রামদা ও হাতুড়িসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় এবং রক্তাক্ত করে। আশুলিয়া থানার জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শফিউল আলম সোহাগ জানান, জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে। আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা।
৮ মাদক কারবারিসহ গ্রেফতার ১০
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অপরাধ দমন ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেফতার করেছে থানা-পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে আটজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, একজন পরোয়ানাভুক্ত ফেরারি আসামি এবং একজন চুরির মামলার সন্দেহভাজন আসামি রয়েছেন। পুলিশ জানায়, গত শুক্রবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন পয়েন্টে চিরুনি অভিযান চালায় পুলিশ। এ সময় অপরাধে জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। শনিবার আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান জানান, এলাকাকে শতভাগ মাদকমুক্ত রাখতে তাদের এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অপরাধীদের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা।
বালু উত্তোলনের ৯ মেশিন ধ্বংস
চট্টগ্রামের মিরসরাইয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ৯টি শ্যালো মেশিন ও এক হাজার ২০০ ফুট পাইপ ধ্বংস করার পাশাপাশি উত্তোলন করা বিপুল পরিমাণ বালু জব্দ করা হয়েছে। গত শনিবার উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর মোল্লারঘাট ও চৌধুরীঘাট এলাকায় ইউএনও সোমাইয়া আক্তারের তত্ত্বাবধানে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন মিরসরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের। এ সময় জোরারগঞ্জ থানা-পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন। সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর গতিপথ পরিবর্তনের পাশাপাশি স্থানীয় পরিবেশ ও নদীর দুই পাড়ের ব্যাপক ক্ষতি হচ্ছিল। ড্রেজার ও শ্যালো মেশিন ধ্বংস করে পরিবেশ রক্ষায় কড়া বার্তা দেয়া হয়েছে। সরকারি আদেশ অমান্য করে যারা বালু উত্তোলন করবে, তাদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা।
ঢাকাগামী স্লিপার বাসে আগুন
কক্সবাজার থেকে ৩০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়া আইকন পরিবহনের একটি এসি স্লিপার বাসে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার ভোর রাত ২টার দিকে রামু উপজেলার কলঘর এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও বাস যাত্রীদের সূত্রে জানা যায়, কক্সবাজার ছেড়ে আসার কিছু পরেই বাসের ভেতর ধোঁয়া ও তীব্র পোড়া গন্ধ ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে উঠলে ভেতরে থাকা যাত্রীদের মধ্যে প্রচণ্ড আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে আসেন এবং বাসের কাচ ভেঙে যাত্রীদের অক্ষত অবস্থায় বাইরে বের করে আনেন। রামু ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি কিংবা ইঞ্জিন অতিরিক্ত উত্তপ্ত হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। রামু হাইওয়ে ক্রসিং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরবর্তীতে যাত্রীদের বিকল্প পরিবহনে ঢাকার উদ্দেশে পাঠানোর ব্যবস্থা করে। ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা।



