নিজস্ব প্রতিবেদক
উন্নত জীবনযাপনের প্রলোভন দেখিয়ে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে জনপ্রতি প্রায় ১৪ লাখ টাকা আদায় করে মানবপাচার চক্রটি। পরে তাদের অবৈধভাবে লিবিয়া পাঠানো হয় এবং সেখান থেকে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙ্গি নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার চেষ্টা করা হয়। এ সময় আট বাংলাদেশীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার মাদারীপুরের রাজৈর থানা এলাকায় অভিযান চালিয়ে গুরুদাস বারই (৪৫) ও মো: মোতালেব মাতব্বর (৬৮) নামের দুই মানবপাচারকারীকে গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এই তথ্য জানান।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতাররা আন্তর্জাতিক মানবপাচার চক্রের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিল এবং মূল পাচারকারীদের নির্দেশে অর্থ ও লোক সংগ্রহের কাজ করত। গ্রেফতার মো: মোতালেব মাতব্বরের বিরুদ্ধে পূর্বে সন্ত্রাসবিরোধী আইনে মামলা থাকার তথ্যও পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে। ঘটনার সাথে জড়িত অন্য পলাতক সদস্যদের শনাক্ত, পাচার করা অর্থের লেনদেনের উৎস নির্ধারণ এবং পুরো মানবপাচার নেটওয়ার্ক উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান তিনি।



