গফরগাঁওয়ে প্রার্থিতা ফিরে পেলেন সিদ্দিকুর

Printed Edition

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে স্বতন্ত্র প্রার্থিতা ফিরে পেয়েছেন এ বি সিদ্দিকুর রহমান। তিনি জেলা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সভাপতি। মনোনয়ন বৈধ ঘোষণার ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে তার আর কোনো বাধা রইল না।

গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত ষষ্ঠ দিনের আপিল শুনানিতে নির্বাচন কমিশন (ইসি) তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। এর আগে গত ৪ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মো: সাইফুর রহমান তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। পরে এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি।

প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে পৌর যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম রিপন জানান, বিশিষ্ট শিল্পপতি এ বি সিদ্দিকুর রহমান ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় ঐক্যজোটের মনোনয়নে সংসদ নির্বাচনে অংশ নেন। তিনি দীর্ঘদিন ধরে গফরগাঁও উপজেলা বিএনপির নেতৃত্বে সক্রিয় ভূমিকা রাখছেন। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি একাধিক মিথ্যা মামলার শিকার হন।