আলজাজিরা
তুরস্কে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা আবারো মাথাচাড়া দিয়েছে। ইস্তাম্বুলে শান্তি আলোচনার প্রথম দিনে খোস্ত-চমন সীমান্তে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে, যা আলোচনার পরিবেশকে আরো জটিল করে তুলেছে। আফগান তালেবান বাহিনী ও পাকিস্তানি সীমান্তরক্ষীরা একে অপরকে উসকানির জন্য দায়ী করেছে। আফগানিস্তান দাবি করেছে, পাকিস্তান প্রথমে গুলি চালায়, আর পাকিস্তান বলছে, তালেবান বাহিনী সীমান্ত লঙ্ঘন করেছে।
যদিও হতাহতের সংখ্যা নিশ্চিত করা যায়নি, তবে স্থানীয় সূত্রে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই সংঘর্ষ এমন সময়ে ঘটল, যখন অক্টোবর মাসে কাতারে হওয়া একটি প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তির ভিত্তিতে দুই দেশ তুরস্কে শান্তি আলোচনায় বসেছে। ওই চুক্তির পর সীমান্তে সহিংসতা কিছুটা কমলেও, স্থায়ী সমাধান এখনো অধরা।


