বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে রচনা, কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, স্মৃতিচারণ, বিশেষ মুনাজাত এবং শহীদ শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদানের আয়োজন করা হয়।
৬ আগস্ট বিইউপির বিজয় অডিটোরিয়ামে আলোচনা সভা, শ্রদ্ধাঞ্জলি ও স্মৃতিচারণ অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, তাদের আত্মত্যাগের স্মরণ এবং জাতীয় ইতিহাসে এই গণ-অভ্যুত্থানের গুরুত্ব তুলে ধরা হয়। এ অনুষ্ঠানে বিইউপির শিক্ষার্থী শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং শহীদ জোবায়ের ওমর খানের পরিবার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিইউপির ভিসি মেজর জেনারেল মো: মাহ্বুব-উল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বিইউপি শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ, মুক্তচিন্তা এবং জাতীয় ইতিহাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এ ছাড়াও অনুষ্ঠানে বিইউপির সামরিক ও অসামরিক কর্মকর্তা, বিভিন্ন অনুষদের শিক্ষক এবং শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।



