চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতের সাংসদ প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নূরুল ইসলাম বুলবুল বলেছেন- জামায়াতে ইসলামী ব্যক্তি বা পরিবারের স্বার্থের রাজনীতি করে না। দলটি গণমানুষের কল্যাণে রাজনীতি করে। তার দাবি, জনগণ সুযোগ দিলে জামায়াতে ইসলামী একটি ‘কল্যাণ ও মানবিক বাংলাদেশ’ জাতিকে উপহার দিতে চায়। তিনি আরো বলেন, ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত একটি রাষ্ট্র গঠনে সৎ নেতৃত্ব প্রয়োজন।
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের পৌর শহরের ২নং ওয়ার্ডে জামায়াত আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় রোববার রাতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌর আমির গোলাম রাব্বানীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান এবং পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম প্রমুখ।
নূরুল ইসলাম আরো বলেন, রাজনৈতিক সহিংসতা ও দলের অভ্যন্তরীণ বিভ্রান্তি দেশের সামগ্রিক নিরাপত্তার ওপর প্রভাব ফেলে। একটি নিরাপদ নতুন বাংলাদেশ গড়তে ভোটারদের দায়িত্বশীল সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান তিনি।
দাঁড়িপাল্লা প্রতীকে সমর্থন দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পরিবর্তনের প্রয়োজন রয়েছে। নূরুল ইসলাম বুলবুল নির্বাচিত হলে বেকারত্ব দূরীকরণে যুব সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। কর্মমুখী প্রশিক্ষণ, কৃষক-শ্রমিকের কল্যাণ, বিদেশগামীদের নিরাপত্তা, নদীভাঙন প্রতিরোধ ও পর্যটন উন্নয়নসহ বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।



