চীনে এশিয়ার সবচেয়ে বড় স্বর্ণের খনি আবিষ্কার

Printed Edition

সিনহুয়া

চীন শানডং প্রদেশের ইয়ানতাইয়ের লাইঝো শহরের উপকূলে সমুদ্রের তলদেশে একটি বিশাল স্বর্ণের মজুদের খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এটি এশিয়ার বৃহত্তম সমুদ্রতলের স্বর্ণভাণ্ডার। লাইঝৌ অঞ্চলে মোট স্বর্ণের মজুদ বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৯০০ টনের বেশি, যা চীনের মোট স্বর্ণ মজুদের প্রায় ২৬ শতাংশ। ইয়ানতাই সিটি সরকার এক সম্মেলনে এ তথ্য প্রকাশ করেছে। তবে সমুদ্রতলে আবিষ্কৃত নতুন স্বর্ণভাণ্ডারটির সুনির্দিষ্ট আকার জানানো হয়নি।

এই তথ্য অনুযায়ী, লাইঝৌ এখন চীনের মধ্যে স্বর্ণের মজুদ ও উৎপাদন দুই ক্ষেত্রেই শীর্ষস্থানে রয়েছে। গত মাসে উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশে এক হাজার ৪৪৪.৪৯ টন মজুদের একটি ‘সুপার-লার্জ’ স্বর্ণভাণ্ডার আবিষ্কারের ঘোষণা দেয় দেশটি।

প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের মতে, ১৯৪৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর এটিই সবচেয়ে বড় একক স্বর্ণভাণ্ডার। নভেম্বরে, শিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের পশ্চিম সীমান্তের কাছে কুনলুন পর্বতমালায় এক হাজার টনের বেশি সম্ভাব্য মজুদসম্পন্ন আরেকটি স্বর্ণভাণ্ডারের সন্ধান পাওয়া যায়। ২০২৩ সালের নভেম্বরে শানডং প্রদেশ জানায়, তারা চীনের মোট স্বর্ণ মজুদের প্রায় এক-চতুর্থাংশ শনাক্ত করেছে। এর মধ্যে জিয়াওদং উপদ্বীপে অবস্থিত তিন হাজার ৫০০ টনের বেশি স্বর্ণ রয়েছে, যা বিশ্বের তৃতীয় বৃহত্তম স্বর্ণখনি বেল্ট হিসেবে পরিচিত।